ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে প্রবল জোয়ারের পানিতে সীতাকুণ্ডের কয়েকটি এলাকার সমুদ্র উপকূলে অর্ধ শতাধিক মহিষ ভেসে এসেছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল থেকে মহিষগুলো আসার খবর পাওয়া গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মহিষগুলো পাশের উপজেলা সন্দ্বীপের বিভিন্ন এলাকা থেকে ভেসে এসেছে। ভেসে আসা মহিষগুলো অনেকে লুটপাটে ব্যস্ত হয়ে পড়েছেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে লোক পাটিয়ে মহিষগুলো সংরক্ষণ করেছেন। পাশাপাশি লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
জানা যায়, সোমবার রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে প্রবল জোয়ারের পানিতে সন্দ্বীপ উপজেলার হাতিয়া ও উরকিরচর থেকে মহিষগুলো ভেসে চলে আসে। সকাল থেকে উপজেলার আকিলপুর, জোড়আমতল, মদনহাট, মাদামবিবিরহাট এবং ভাটিয়ারীর সাগর উপকূল থেকে মহিষগুলো উদ্ধার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাহাদাত হোসেন বলেন, আমরা খবর পেয়েছি, সীতাকুণ্ডের বিভিন্ন ইউনিয়নে প্রায় দেড় শতাধিক মহিষ জোয়ারের পানিতে সন্দ্বীপের বিভিন্ন জায়গা থেকে ভেসে এসেছে। তাই সীতাকুণ্ডের বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদেরকে মহিষগুলো উদ্ধার করে হেফাজতের নির্দেশ দেয়া হয়েছে। পরে প্রমাণ সাপেক্ষে প্রকৃত মালিকের কাছে মহিষগুলো ফেরত দেয়া হবে।
