ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের বিষয় অত্যন্ত পরিষ্কার। তারা ২০১৯ সালে অবৈধভাবে এবং একতরফা কর্মকাণ্ডের মাধ্যমে জম্মু ও কাশ্মীর দখল করেছে। সেখান থেকে সরে না আসা পর্যন্ত ভারতের সঙ্গে অর্থপূর্ণ যোগাযোগের কোনো স্থান নেই। বুধবার সাংবাদিকদের সঙ্গে নিজের মন্ত্রণালয়ের অর্জন সম্পর্কে বর্ণনা করতে গিয়ে এসব কথা বলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রেসিডেন্ট বিলাওয়াল ভুট্টো জারদারি।
এ সময় মানবাধিকারের ভয়াবহ লঙ্ঘন, নৃশংসতা এবং জম্মু-কাশ্মীর দখল করার কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমালোচনা করেন। বলেন, ‘গুজরাটের কসাই’ এবার ‘কাশ্মীরের কসাই’ হতে চলেছেন।
বিলাওয়াল আরও বলেন, ভারত শুধু আন্তর্জাতিক আইনই লঙ্ঘন করেছে এমন নয়। একই সঙ্গে তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজ্যুলুশনও ভঙ্গ করেছে। ভঙ্গ করেছে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় চুক্তিও। তিনি আরও বলেন, মোদির কাছ থেকে তাদের ভালো কিছু প্রত্যাশা করা উচিত নয়।
সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী ও মনমোহন সিংয়ের থেকে মোদি পুরোপুরি ভিন্ন।
