তুরস্কের ঘরোয়া ফুটবলের একটি ম্যাচে ইসরাইলের হয়ে যুদ্ধের বার্তা দেয়ায় তুরস্কে গ্রেফতার হওয়া ইসরাইলি ফুটবলারকে ছেড়ে দেয়া হয়েছে। স্যাগিভ জেহেজকেল নামের ওই ফুটবলারকে ঘৃণা ও শত্রুতা সৃষ্টির জন্য সাধারণ মানুষকে প্ররোচিত করছেন, এই অভিযোগে গ্রেফতার করেছিল তুরস্কের পুলিশ। পাশাপাশি তার ক্লাব আন্তলিয়াসপোর থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে। ২৮ বছর বয়সী এই ফুটবলার ইসরাইল জাতীয় দলের খেলোয়াড়।
জানা গেছে, তুরস্কের একটি আদালত সোমবার ইজরাইলের গ্রেফতার হওয়া ফুটবলারকে মুক্তি দিয়েছে। তিনি ম্যাচের সময় ইসরাইল-হামাস যুদ্ধের উল্লেখ করে একটি বার্তা প্রদর্শন করেছিলেন। ২৮ বছরের জেহেজকেল, তার কব্জিতে একটি ব্যান্ডেজ বেঁধেছিলেন। আর তাতে লেখা ছিল, ‘১০০ দিন। ০৭/১০’। সাথে ডেভিডের তারকা চিহ্ন, যা ইহুদি আত্মপরিচয় ও ইহুদি ধর্মের স্বীকৃত প্রতীক হিসেবে ব্যবহার হয়ে থাকে।
এর ফলে তুর্কি প্রসিকিউটররা জেহেজকেলের বিরুদ্ধে ‘ঘৃণা আর প্ররোচনা’-এর অভিযোগে একটি ফৌজদারি তদন্ত শুরু করে এবং তার ক্লাব ‘আমাদের দেশের সংবেদনশীলতার বিরুদ্ধে যায় এমন আচরণ প্রদর্শনের’ জন্য ফরোয়ার্ডের সাথে চুক্তি বাতিল করে দেয়।
২৮ বছর বয়সী ইসরাইলের ফুটবলার তুর্কি সুপার লিগে আন্তালিয়াসপোরের হয়ে ত্রাবজোন্সপোরের বিপক্ষে ম্যাচের ৬৮তম মিনিটে গোল করেছিলেন। গোলের উদ্যাপনে ক্যামেরার সামনে নিজের বাঁ হাতের কব্জিতে বাঁধা ব্যান্ডেজে লেখাটি প্রদর্শন করেই চাপে পড়ে যান। জেহেজকেলের বার্তায়, গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী প্রতিরোধ আন্দোলন হামাসের ইসরাইলে হামলা এবং এর ১০০ দিন পূর্তিকে বোঝানো হয়েছে। ওই হামলায় মারা গিয়েছিলেন ১ হাজার ১৪০ জন। অপহৃত হয়েছিলেন ২৫০ জন। হামাসের হামলার পর গাজায় নির্বিচার আক্রমণ চালাচ্ছে ইসরাইল।
ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, তুরস্ক একটি অন্ধকার একনায়কতন্ত্রে পরিণত হয়েছে, মানবিক মূল্যবোধ ও ক্রীড়া মূল্যবোধের বিরুদ্ধে কাজ করছে। তার দাবি, ‘আমি আন্তর্জাতিক সম্প্রদায় এবং আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলোকে তুরস্কের বিরুদ্ধে এবং ক্রীড়াবিদদের বিরুদ্ধে সহিংসতা এবং হুমকির রাজনৈতিক ব্যবহারের বিরুদ্ধে কাজ করার আহ্বান জানাচ্ছি।’
ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, জেহেজকেলের সোমবার রাতে দেশে ফেরার কথা রয়েছে। তুরস্কের এনটিভি টেলিভিশন জানিয়েছে, ইসরাইল রাতারাতি খেলোয়াড় ও তার পরিবারকে তুলে নেওয়ার জন্য একটি ব্যক্তিগত পরিকল্পনা পাঠিয়েছে।
পুলিশের কাছে জেহেজকেল বলেছিলেন যে তিনি হামাসের হাতে আটকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলেন এবং কোনোভাবেই যুদ্ধকে সমর্থন করার ইচ্ছা ছিল না।
সূত্র : হিন্দুস্তান টাইমস
