নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং বুধবার তার পদ থেকে পদত্যাগ করেছেন। অর্থ পাচার মামলায় তদন্তাধীন বিতর্কিত ব্যবসায়ী দীপক ভাটার সঙ্গে ব্যবসায়িক যোগসাজশের অভিযোগ এবং শেয়ার বাজারে বিনিয়োগ নিয়ে জনমনে প্রশ্ন ওঠার প্রেক্ষিতে তিনি এই সিদ্ধান্ত নেন। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে গুরুং জানান, তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর একটি নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে এবং তদন্ত চলাকালীন কোনো ধরনের ‘স্বার্থের সংঘাত’ যেন তৈরি না হয়, সেজন্যই তিনি পদ ছেড়েছেন।
তিনি তার পোস্টে উল্লেখ করেন যে, পদের চেয়ে নৈতিকতা এবং জনআস্থার গুরুত্ব তার কাছে অনেক বেশি। নেপালের বর্তমান তরুণ প্রজন্মের ‘জেন-জি’ মুভমেন্ট যে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতার দাবি জানাচ্ছে, তাকে সম্মান জানাতেই তিনি সরে দাঁড়িয়েছেন। তিনি আরও বলেন, যে সরকার ৪৬ জন সহযোদ্ধার রক্তের বিনিময়ে গঠিত হয়েছে, তার মর্যাদা রক্ষা করতে নেতৃত্বের জবাবদিহি থাকা জরুরি। যদিও গত সোমবার পর্যন্ত তিনি এসব অভিযোগকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন এবং প্রমাণের ভিত্তিতে বিচারের কথা বলেছিলেন, তবে শেষ পর্যন্ত নিরপেক্ষ তদন্তের স্বার্থে তিনি পদত্যাগপত্র জমা দেন।
