হাযেরীন, আসলে জীবন যে বুঝেছে, তার কাছে এর কোনো বিকল্প নেই। আমরা তো জীবন বুঝিনি। অন্ধের মতো দৌড়ে বেড়াচ্ছি। এই জীবনে যত আনন্দ আছে, প্রতিটি আনন্দই ভেজাল।
এখানে টাকার আনন্দ বড় আনন্দ। কিন্তু টাকা অর্জনে যেমন ভেজাল, কষ্ট-দূঃখ, ব্যথা-বেদনা। টাকার আনন্দের অনুভূতি যদি দশ মিনিট হয়, টেনশনের অনুভূতি সারাদিন হয়। এরপরে টাকা সংরক্ষণের টেনশন। যে কোনো সম্পদের ক্ষেত্রেই একই কথা।
সন্তানের আনন্দ সবচেয়ে বড় আনন্দ। কিন্তু সন্তানের জন্য আনন্দ যদি হয় এক ঘণ্টা। তবে সন্তানের অসুখ-বিসুখ, পড়ালেখা ঠিকমতো করে না, পাশ করে না ফেল করে- এই টেনশন হয় তেইশ ঘণ্টা।
স্বামী-স্ত্রীর বৈবাহিক জীবন সবচেয়ে আনন্দের, কিন্তু এই আনন্দ যদি হয় একঘণ্টা; দূঃখ, কষ্ট, বেদনা, ব্যথা, যন্ত্রনা, ঝগড়া-ঝাটি হয় তেইশ ঘণ্টা।
খাওয়া সবচেয়ে বড় আনন্দের। বিশেষ করে বর্তমান প্রজন্মের কাছে। আমাদের প্রজন্মেও হাঁটাচলা ছিল। এখন আর হাঁটাচলা, দৌড়ঝাঁপ, ফুটবল-ক্রিকেট খেলা, কিচ্ছু নেই। এখন বসে বসে খাও আর দেখো। খাটুনি হল কিছুটা গালের, কিছুটা পাকস্থলির, আর বাকিটা ব্রেনের। অন্যান্য অঙ্গ-প্রত্যেঙ্গ রিলাক্সে আছে। তো এখন সবচেয়ে প্রিয় কাজ হল খাওয়া, ফাস্টফুড, সেকেন্ড ফুড, আর্লি ফুড, কত কত রকমের ফুড!
খাওয়ার চেয়ে মজা নেই আর কিছুতে। সেই খাওয়ার আনন্দ কতটুকু! যতটুকু সময় খাচ্ছি। তার ভেতরেও অনেক সময় ঝাল লেগে যায়, হেঁচকি উঠে যায়, পিপাসা লাগে। কিন্তু খাওয়ার আগে টাকা কামাই করতে, বাজার করতে, রান্না করতে অনেক কষ্ট। আবার খাওয়ার পরে পেটের গোলমাল হতে পারে, বাথরুমে অবশ্যই যেতে হবে, অনেক কষ্ট।
এই দুনিয়ার জীবনের প্রতিটি আনন্দ, প্রতিটি পাওয়া ভেজাল।
দুনিয়াতে শুধু একটা জিনিস ভেজালমুক্ত আছে, ভাইয়েরা, যেটা আমরাও পারি না, সেটা হল আল্লাহর মহাব্বত। আল্লাহর মহাব্বত এমন একটা আনন্দ, যারা পেয়েছে তাদের জন্য, নির্ভেজাল আনন্দ। এখানে কোনো ঝামেলা নেই, মারামারি হয় না, কোনো আফসোস লাগে না। এ এমন একটা নেশা, যে নেশায় শুধু মজাই আছে, ক্লান্তি নেই। এ এমন একটা প্রেম, এ প্রেমে শুধু আনন্দই আছে, কোনো ঝগড়া নেই। এই জিনিসটা ছাড়া- আল্লাহর যিকির, আল্লাহর মহব্বতের বাইরে দুনিয়াতে যত আনন্দ আছে সবই কিন্তু ভেজাল। এজন্য জীবনকে যারা বুঝেছে, বিশেষ করে আখিরাতের চেতনা যার ভেতরে পরিপূর্ণ, সে কখনোই নিজের দায়িত্বের পরে আল্লাহর কাছে যাওয়ার সুযোগ পেলে ঝঞ্ঝাটের দুনিয়ায় থাকতে চায় না।
– ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহি.।
[ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহি. এর খুতবা সমগ্র: মিম্বরের আহবান-২ সীরাতের আলোকে জীবন গঠন]
