নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি যুক্তরাষ্ট্রে প্রবেশ করলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। বুধবার (২২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ দাবি জানান। সেখানে তিনি নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ হিসেবেও উল্লেখ করেন।
ভিডিও বার্তায় মামদানি বলেন, ‘বেনিয়ামিন নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী এবং ফিলিস্তিনি জনগণের ওপর সংঘটিত ভয়াবহ গণহত্যার মূল কারিগর।’ অবরুদ্ধ ভূখণ্ডে ৭৩ হাজারেরও বেশি মানুষকে হত্যা, হাসপাতালে হামলা, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করা এবং খাদ্য ও মানবিক সহায়তা আটকে দেওয়ার মতো গুরুতর অপরাধের জন্য তিনি নেতানিয়াহুকে দায়ী করেন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক মাস পরও ফিলিস্তিনিদের ওপর হামলা অব্যাহত রয়েছে উল্লেখ করে মামদানি বলেন, ‘আমেরিকানদের করের টাকাই এই হত্যাকাণ্ডে ব্যবহৃত বোমার অর্থ জোগাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ আদালত তার বিরুদ্ধে পরোয়ানা জারি করার বিশেষ কারণ রয়েছে। যার চোখ, হৃদয় ও বিবেক আছে, সে নেতানিয়াহুর সৃষ্টি করা ধ্বংসযজ্ঞ দেখে বুঝতে পারবে যে তার জায়গা আদালতের কাঠগড়ায়।’
সূত্র: আল জাজিরা
