প্রতিবছর কানাডায় অক্টোবর মাসকে ইসলামী ঐতিহ্যের মাস হিসেবে উদযাপন করা হয়। কানাডার বিভিন্ন প্রদেশের মতো এবার নোভা স্কটিয়া এই মাসকে ইসলামী ঐতিহ্যের মাস হিসেবে স্বীকৃতি দিয়েছে। মুসলিম তরুণদের সমাজের অংশ হিসেবে স্বীকৃতি প্রদান এবং মুসলিম জনগোষ্ঠীর অবদান তুলে ধরতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নোভা স্কটিয়ার এমপি আলী দুয়াল।
আবদুল্লাহ ইয়োরসি বলেন, অক্টোবর মাসে মেরিটাইম মুসলিম একাডেমিসহ বিভিন্ন স্কুলে শিক্ষার্থীরা ইসলামের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জ্ঞান লাভ করে।
শেষ সপ্তাহে আমরা শিক্ষার্থীদের নিয়ে মসজিদের অনুষ্ঠান করেছি। তারা আমাদের সঙ্গে নামাজ পড়েছে। তাদের সঙ্গে আলোচনা করে তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছি। তারা যেন তাদের নিজস্ব ভাষা, পোশাক ও সংস্কৃতি নিঃসংকোচে ধারণ করতে পারে সে জন্য তাদের এ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।
এ সিদ্ধান্তের মাধ্যমে ইসলামী সংস্কৃতির গ্রহণযোগ্যতা আগের চেয়ে বহু গুণ বৃদ্ধি পাবে এবং নিজ ধর্মের সৌন্দর্য সবার সামনে তুলে ধরার সুযোগ মিলবে। মেরিটাইম মুসলিম একাডেমির শিক্ষার্থী ইসমাইল ওমর বলেছেন, ‘আমি দেখেছি, অনেক মানুষ ইসলাম সম্পর্কে কিছুই জানে না। ইসলাম সম্পর্কে অনেকের মধ্যে প্রচলিত ভুল ধারণাও আছে। তাদের সঙ্গে আলাপ-আলোচনার সুযোগ পেলে আমরা ইসলাম ধর্মের সৌন্দর্য তাদের কাছে তুলে ধরতাম। ’
প্রতিবছরের অক্টোবরকে ইসলামী ঐতিহ্যের মাস (আইএইচএমসি) হিসেবে উদযাপন করে কানাডার মুসলিমরা। এ সময় মুসলিম ঐতিহ্য এবং সমাজে মুসলিমদের অবদান সবার সামনে তুলে ধরা হয়। এ বছর স্বাস্থ্য, সুস্থতা, সামাজিক শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মুসলিম অবদান সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। ২০০৭ সালে কানাডার অন্টারিও প্রদেশের অটোয়া-ভ্যানিয়ারের এমপি মরিল বেলেঙ্গার ইসলামী ইতিহাসের মাসকে স্বীকৃতি দেন। এরপর যথাক্রমে দেশটির কিংস্টন, বার্নাবি ও ম্যানিটোবা প্রদেশের শহরগুলোতেও মাসটি স্বীকৃতি পায়।
সূত্র : সিটিভি নিউজ