Sunday, April 19, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবররোজকার তাজা খবরপুলিশের সব ইউনিটকে ২৪ ঘণ্টার মধ্যে যোগদানের নির্দেশ

পুলিশের সব ইউনিটকে ২৪ ঘণ্টার মধ্যে যোগদানের নির্দেশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের খবর জানাজানির পরপরই আত্মগোপনে চলে গেছেন পুলিশের সুবিধাভোগী কর্মকর্তারা। পুলিশের সূত্রগুলো বলছে, সোমবার প্রধানমন্ত্রীর পদত্যাগের পরপরই সুবিধাভোগী ও দুর্নীতিবাজ কর্মকর্তারা গা-ঢাকা দিয়েছেন। কারণ বিক্ষুব্ধ জনতা পুলিশের নানা নির্যাতন অত্যাচারের শিকার হয়ে অগ্নিগর্ভ হয়েছিলেন। এর রেষে থানায় হামলা, অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যকে হত্যার ঘটনাও ঘটে। এরপরই থানাগুলো পুলিশশূন্য হয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে নতুন পুলিশ প্রধান, র‌্যাবের মহাপরিচালক নিয়োগ দেয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে পরিবর্তন করা হয়েছে। নতুন আইজিপি গতকাল বিকালে এক সংবাদ সম্মেলনে পুলিশ সদস্যদের ২৪ ঘণ্টার মধ্যে কাজে যোগ দেয়ার নির্দেশ দিয়েছেন। 
গতকাল ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমানকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করে তার জায়গায় সিআইডির ডিআইজি মো. মাইনুল হাসানকে ও র‌্যাবের মহাপরিচালক ব্যারিস্টার হারুন অর রশীদকে পুলিশ সদর দপ্তরে বদলি করে তার জায়গায় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি এ কে এম শহীদুর রহমানকে দেয়া হয়েছে। এই ৩টি পদবি ছাড়াও পুলিশের গুরুত্বপূর্ণ অন্যান্য পদগুলোতে শিগগির পরিবর্তন আনা হবে। ইতিমধ্যে নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম দায়িত্ব পাওয়ার পরপরই কার্যক্রম শুরু করে দিয়েছেন।

বিজ্ঞাপনঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নিয়ে তিনি বৈঠক করেছেন। নানা উদ্যোগ ও পদক্ষেপ নিয়েছেন। মাঠ পর্যায়ের পুলিশকে নতুন আইজিপির নির্দেশনা দেয়া হয়েছে। 

গতকাল পুলিশ সদর দপ্তরে নতুন আইজিপি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন, পুলিশ সদস্যদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্ব স্ব ইউনিটে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে। সারা দেশে পুলিশ সদস্যদের বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে স্ব স্ব পুলিশ লাইন্স, দপ্তরে, পিওএম, ব্যারাকে ফেরার নির্দেশ দিয়েছি। বৈষম্যবিরোধী ছাত্রদের যৌত্তিক আন্দোলনকে কেন্দ্র করে দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী পুলিশ দায়িত্ব পালন করতে পারেনি। এর কারণে অনেকে ক্ষুব্ধ হয়েছেন। অনেকেই স্ব স্ব ইউনিটে নেই। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে আমরা নতুন করে শুরু করতে চাই। ছাত্র আন্দোলন দমনে অপারেশনাল ভুলত্রুটি থাকার কথা স্বীকার করে আইজিপি বলেন, ছাত্র-সাধারণ মানুষ, পুলিশসহ অনেকেই নিহত হয়েছেন। সবকিছুর জন্য আইজিপি হিসেবে আমি দুঃখ প্রকাশ করছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সব মেট্রোপলিটন, জেলা, নৌ, রেলওয়ে ও হাইওয়ে থানার অফিসার ও ফোর্সকে স্ব স্ব পুলিশ লাইন্সে যোগদানের জন্য নির্দেশ দেয়া হয়েছে। মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও জেলার পুলিশ সুপারগণ স্ব স্ব অধিক্ষেত্রের থানা এলাকায় জ্যেষ্ঠ নাগরিক, পেশাজীবী, ছাত্র প্রতিনিধি, রাজনৈতিক ও গণমাধ্যম ব্যক্তিবর্গের সমন্বয়ে নাগরিক নিরাপত্তা কমিটি গঠন করবেন। আমরা জনসাধারণের প্রতি আহ্বান জানাচ্ছি বর্ণিত কমিটি থানা ও থানা এলাকার নিরাপত্তা বিধানে আপদকালীন সহায়ক ভূমিকা রাখবে এবং পরবর্তীতে এর চূড়ান্ত রূপরেখা প্রণয়ন করা হবে। আমি পুলিশ বাহিনীর শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সব স্তরের সহকর্মীকে সামাজিক মাধ্যমে কোনো প্রকার ব্যক্তিগত, সমিতি, ব্যাচ, এসোসিয়েশনের মাধ্যমে কোনো দাবি, মন্তব্য, প্রতি উত্তর প্রদানে বিরত থাকার নির্দেশ প্রদান করছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ছাত্র, সাধারণ মানুষ, পুলিশসহ প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। দেশের শান্তিশৃঙ্খলা ও স্থিতি ফিরিয়ে আনতে আমরা সর্বাত্মকভাবে সচেষ্ট রয়েছি। বাংলাদেশ পুলিশ সর্বদা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে। আমরা বিশ্বাস করি, জনগণই রাষ্ট্রের মূল শক্তি। তাই, আমরা সবসময় জনগণের পাশে থেকে জনগণকে সর্বোচ্চ সেবা প্রদানে বদ্ধ পরিকর। আপনাদের সুচিন্তিত মতামতকে অগ্রাধিকার দিয়ে একটি দক্ষ, জনবান্ধব, প্রযুক্তি নির্ভর আধুনিক ও জবাবদিহিমূলক পেশাদার পুলিশ সংস্কারের ব্যবস্থা গ্রহণ করবো। পারষ্পরিক সৌহার্দ, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধে উজ্জীবিত হয়ে সমন্বয়ের মাধ্যমে আমরা সকলে একযোগে কাজ করে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবো, ইনশাআল্লাহ। 

আইজিপি বলেন, আমাদের কতিপয় উচ্চাবিলাসী, অপেশাদার কর্মকর্তার কারণে এবং কর্মকৌশল প্রণয়নে বলপ্রয়োগের স্বীকৃতি নীতিমালা অনুসরণ না করা এবং মানবাধিকার লঙ্ঘন করা ও নেতৃত্বের ব্যর্থতায় আমাদের অনেক সহকর্মী আহত, নিহত এবং নিগৃহীত হয়েছেন। এই সন্ধিক্ষণে আমি সকল পুলিশ সদস্যকে আন্তরিকভাবে আহ্বান জানাই, আপনারা দেশ ও জাতির প্রয়োজনে শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে নিজ নিজ দায়িত্ব পালনে আত্মনিয়োগ করুন। আপনাদের জীবনমানের উন্নয়ন এবং সার্বিক কল্যাণ নিশ্চিতকরণে আমরা সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করবো। তিনি বলেন, বাংলাদেশ পুলিশ দেশ ও জনগণের কল্যাণে নিয়োজিত একটি ঐতিহ্যবাহী পেশাদার ও সেবাধর্মী প্রতিষ্ঠান। দেশের প্রয়োজনে যেকোনো সংকটময় মুহূর্তে এই বাহিনী সবসময় সর্বোচ্চ আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দয়িত্ব পালন করেছে। বর্তমান বৈষম্যবিরোধী যৌক্তিক আন্দোলনে আমাদের পূর্বের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারেননি। এজন্য বাংলাদেশ পুলিশের পক্ষ হতে আমি পুলিশ প্রধান হিসেবে আন্তরিকভাবে দুঃখিত। আমরা এখন হতে আমাদের উপর অর্পিত আইনি সব দায়িত্ব পালনে দৃঢ়ভাবে অঙ্গীকারাবদ্ধ। এদিকে, পুলিশের ইন্সপেক্টর থেকে অধস্তনদের নিয়ে গড়া সংগঠন বাংলাদেশ পুলিশ এসোসিয়েশন পুরোনো কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করেছে। এই কমিটিও মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের মনোবল ফেরাতে কাজ করে যাচ্ছে।   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen + 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য