Friday, June 5, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবর‘প্রধানমন্ত্রী আমরা আপনাকে সবসময় সৎ পরামর্শ দিই এবং নসিহত করি’

‘প্রধানমন্ত্রী আমরা আপনাকে সবসময় সৎ পরামর্শ দিই এবং নসিহত করি’

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা আপনার শত্রু নই। আমরা আপনাকে সবসময় সৎ পরামর্শ দিই এবং নসিহত করি। পাশাপাশি আমরা দেশের মানুষকেও ওয়াজ মাহফিলের মাধ্যমে নসিহত করে শান্তিশৃঙ্খলা রক্ষা করি বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও হাটহাজারী মাদ্রাসা শিক্ষা পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী।

তিনি বলেন, আমাদের আন্দোলন, মিটিং-মিছিল সরকার ও দেশের বিরুদ্ধে নয়। আমাদের এ আন্দোলন অন্যায়ের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে এবং নাস্তিকদের বিরুদ্ধে; যা চলতেই থাকবে।

হেফাজতে ইসলাম বাংলাদেশ ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে হাটহাজারী উপজেলা হেফাজতের ব্যবস্থাপনায় হাটহাজারী ডাকবাংলো চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেফাজত আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী এসব কথা বলেন।

শুক্রবার জুমার নামাজের পর হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার সভাপতি ও হাটহাজারী মাদ্রাসার সহকারী শিক্ষা সচিব মাওলানা শোয়াইব জমিরীর সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়া ও যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন স্থানে মোদিবিরোধী আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদ, নিহত ও আহতদের ক্ষতিপূরণ এবং হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করা হয়।

স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রে দাবি-দাওয়া পেশ করা এবং মিছিল-মিটিং করার স্বাধীনতা আমাদের আছে- এমনটা দাবি করে আল্লামা বাবুনগরী বলেন, ওই স্বাধীনতা নিয়ে মোদিবিরোধী শান্তিপূর্ণ মিছিলে নির্বিচারে মাদ্রাসার ছাত্রদের ওপর গুলি করার কোনো অধিকার পুলিশের নাই। কোনো ওসি যদি সেদিন ছাত্রদের শান্তিপূর্ণ মিছিলে গুলি করার আদেশ দেয়, সেই ওসির দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ওই ওসি এখানে থাকতে পারে না। সেদিন আমাদের ছাত্ররা থানায় যে ইট নিক্ষেপ করেছে তার প্রমাণ কী?

উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হোসাইন, যুগ্ম সম্পাদক মাওলানা এমরান সিকদার ও সাংগঠনিক সম্পাদক মাওলানা কামরুল ইসলামের যৌথ সঞ্চালনায় উক্ত বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হেফাজতের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মুফতি মুহাম্মদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা নাছির উদ্দিন মুনির, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস, কেন্দ্রীয় সহ-অর্থ সম্পাদক আহসান উল্লাহ, কেন্দ্রীয় সহ-ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মাওলানা জুনাইদ বিন ইয়াহইয়া।

এতে বক্তব্য দেন- হেফাজতে ইসলাম হাটহাজারী পৌরসভা শাখার সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম মেহেদী, সহ-সভাপতি মাওলানা হাফেজ আলী আকবর, হাটহাজারী উপজেলার সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ, পৌর সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, হেফাজত আমীরের ব্যক্তিগত সহকারী ও হাটহাজারী উপজেলা শাখার সহ-প্রচার সম্পাদক মাওলানা ইন’আমুল হাসান ফারুকী, মাওলানা সোহাইল চৌধুরী, মাওলানা হাফেজ আব্দুল মাবুদ, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা হাবিব উল্লাহ হাবিব প্রমুখ।

এদিকে বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে সহস্রাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পৌর সদরের বিভিন্ন পয়েন্টে নিরাপত্তার স্বার্থে অবস্থান নেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 − four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য