চুক্তির পর ক্রেতার জন্য মূল্য বাড়িয়ে দেওয়া জায়েজ। একইভাবে বিক্রেতার জন্য পণ্য বাড়িয়ে দেওয়া জায়েজ। তবে শর্ত হলো, অতিরিক্ত মূল্য বা পণ্য অন্য পক্ষ একই বৈঠকে গ্রহণ করবে, পণ্যটি বাড়তি মূল্য প্রদানের অস্তিত্বে থাকবে। কেননা পণ্যটি নষ্ট হয়ে গেলে অস্তিত্বহীন বস্তুর বিপরীতে বাড়তি মূল্য দেওয়া হবে এবং মালিকানাধীন নয় এমন বস্তুর বিপরীতে মূল্য গ্রহণ করা হবে।
অতিরিক্ত অংশ মূল্য বা পণ্য বুঝে নেওয়ার আগেও হতে পারে এবং পরেও হতে পারে এবং তা মূল্য ও পণ্যের সমজাতীয় বস্তুও হতে পারে আবার ভিন্ন কিছুও হতে পারে। অতিরিক্ত মূল্য বা পণ্য প্রদান পূর্ববর্তী চুক্তির অধীনেই বলে গণ্য হবে। তা দান হিসেবে বিবেচিত হয় না। ফলে দান পূর্ণ হওয়ার জন্য হস্তগত করার যে শর্ত আছে, তা এই ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
চুক্তি সম্পন্ন হওয়ার পর ক্রেতা যেমন পণ্য কম গ্রহণ করতে পারবে, তেমন বিক্রেতাও মূল্য হ্রাস করতে পারবে। তবে শর্ত হলো, একই বৈঠকে তা হতে হবে। পণ্য বা মূল্য গ্রহণ করার আগে ও পরে উভয় অবস্থায় তা হ্রাস করা জায়েজ। ক্রেতা পণ্য বুঝে নেওয়ার পর এবং বিক্রেতা মূল্য গ্রহণ করার পর যদি তাতে হ্রাস করা হয়, তাহলে অন্য পক্ষ তা গ্রহণ বা প্রত্যাখ্যানের ব্যাপারে স্বাধীন থাকবে।
বিক্রেতা মূল্য হ্রাস করতে চাইলে পণ্যের অস্তিত্বে থাকা শর্ত নয়। কেননা হ্রাসকরণ হলো মূল্য ছাড় দেওয়া, কোনো জিনিসের বিপরীতে এটি হওয়া শর্ত নয়। অন্যদিকে ক্রেতা বিক্রেতার পণ্যের কিছু অংশ হ্রাস করতে চাইলে শর্ত হলো তা অস্তিত্বে থাকা। যেন সত্যই হ্রাস করা যায়। তবে যদি তা সুনির্দিষ্ট কোনো পণ্য হয়, তাহলে হ্রাস করা শুদ্ধ হবে না। কেননা সুনির্দিষ্ট একটি পণ্যের কোনো অংশ বাদ দেওয়া গ্রহণযোগ্য নয়।
আল-মাউসুয়াতুল ফিকহিয়্যা অবলম্বনে
