সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট জায়েদ আল নাহিয়ান বুধবার বলেছেন, ‘ভাইব্রেন্ট গুজরাত গ্লোবাল সামিট’ অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বিনিয়োগ নিয়ে অভিজ্ঞতা বিনিময়ের জন্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ফোরামে পরিণত হয়েছে। আমিরাত নিউজ অ্যাজেন্সি এ তথ্য জানিয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে গুজরাতে তিন দিনের ‘ভাইব্রেন্ট গুজরাত গ্লোবাল সামিটে’ অংশ নিচ্ছেন তিনি। এতে সারা দুনিয়া থেকে রাষ্ট্রপ্রধান, সরকারি কর্মকর্তা, সিদ্ধান্ত গ্রহণকারী, ব্যবসায়ী এবং ফিন্যান্স প্রোফেশনালরা অংশ নিচ্ছেন।
সম্মেলনে বক্তৃতাকালে আমিরাতের প্রেসিডেন্ট তাকে এতে আমন্ত্রণ জানানোর জন্য মোদিকে ধন্যবাদ জানান। তিনি গুজরাতের মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটেলকেও শুভেচ্ছা জ্ঞাপন করেন।
সম্মেলনে বক্তৃতাকালে শেখ মোহাম্মদ বলেন, ‘এই সামিটে ভারত এবং সারা দুনিয়ার বন্ধুদের সাথে যোগদান করাটা আনন্দের ব্যাপার। আমাদের জনগণ এবং জাতিগুলোর সমৃদ্ধি ও উন্নতির পথ আবিষ্কারে একত্রে চলার সূচনা করছে এই সামিট।’
সম্মেলনে আরো যারা অংশ নিচ্ছেন তাদের মধ্যে রয়েছেন দুবাইয়ের উপ-শাসক এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শেখ তাহনুন বিন জায়েদ আল নাহিয়ান, পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান, প্রেসিডেন্টশিয়াল কোর্টের স্পেশাল অ্যাফেয়ার্স উপদেষ্টা শেখ মোহাম্মদ বিন হামাদ বিন তাহনুন আল নাহিয়ান।
সূত্র : এএনআই
