Saturday, November 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ ঘোষণার দাবি মার্কিন কমিশনের

ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ ঘোষণার দাবি মার্কিন কমিশনের

ভারতে চলমান ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার আড়ালে ধর্মীয় সংখ্যালঘু বিশেষ করে মুসলিমদের লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন (ইউএসসিআইআরএফ)। সংস্থাটি জানিয়েছে, দেশব্যাপী এই সংশোধনী অভিযানে কয়েক কোটি ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে এবং অনেক ভারতীয় মুসলিমকে ‘বিদেশি’ আখ্যা দিয়ে অবৈধভাবে দেশ থেকে বের করে দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে কমিশনের চেয়ারম্যান আসিফ মাহমুদ বলেন, “ভারত সরকার ভোটার তালিকা থেকে মুসলিম নাগরিকদের নাম কেটে দিয়ে তাদের ‘বিদেশি’ হিসেবে চিহ্নিত করছে এবং এখন অবৈধভাবে দেশ থেকে বিতাড়িত করছে।” তিনি আরও উল্লেখ করেন, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুসলিমদের ‘অনুপ্রবেশকারী’ আখ্যা দিয়ে দেশ থেকে বের করে দেওয়ার কথা বলার পর থেকেই এই ধরপাকড় ও দমন-পীড়ন জোরদার হয়েছে। এর আগে গত ২ নভেম্বর অমিত শাহ দাবি করেছিলেন, বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) মাধ্যমে ভোটার তালিকা থেকে বাদ পড়া ৩ কোটি ভোটারই ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’। এরপর ৫ নভেম্বর হরিয়ানার এক নির্বাচনী সমাবেশে তিনি আরও একধাপ এগিয়ে বলেন, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং পরবর্তীতে তাদের একজন একজন করে ধরে দেশ থেকে বের করে দেওয়াই বিজেপির সংকল্প।

ভারতের ইতিহাসে সবচেয়ে বড় ভোটার ছাঁটাই : ভারতের ইতিহাসে এবারই সবচেয়ে বড় আকারে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ঘটনা ঘটেছে, যেখানে প্রায় ১৩ কোটি নাম কাটা পড়েছে। ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রথম দুই ধাপে ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রায় ৭ কোটি ২০ লাখ নাম বাদ দেওয়া হয়। চলমান তৃতীয় ধাপে ১৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে এখন পর্যন্ত আরও ৬ কোটি ১৬ লাখ নাম কাটা হয়েছে। ২০২৫ সালে বিহারে এই প্রক্রিয়ার প্রথম ধাপ শুরু হয় এবং ২০২৬ সালে এসে তা বিস্তৃত হয়। তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি ক্ষমতায় আসার পর থেকে বৈষম্যের শিকার হওয়া ভারতের বৃহত্তম সংখ্যালঘু সম্প্রদায় মুসলিমরাই এই ছাঁটাইয়ের প্রধান শিকার হচ্ছেন। কলকাতাভিত্তিক গবেষণা সংস্থা ‘সাবার ইনস্টিটিউট’-এর তথ্যমতে, চলতি বছরের শুরুর দিকে বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে প্রায় ৯০ লাখ ভোটারের নাম কাটা হয়েছিল। নিবিড় পর্যালোচনায় বাদ পড়া ২৭ লাখ ভোটারের মধ্যে প্রায় ৭০ শতাংশই ছিলেন মুসলিম, অথচ রাজ্যের মোট জনসংখ্যায় মুসলিমদের হার ২৭ শতাংশ। ওই নির্বাচনে জয়লাভ করে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করে বিজেপি। সংস্থার প্রতিষ্ঠাতা সাবির আহমেদ বলেন, ক্ষমতাসীনদের প্রতি অসন্তোষ থাকলেও পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফল নির্ধারণে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিষয়টি বড় ভূমিকা রেখেছে।
ভোটার তালিকা থেকে বাদ ও বাংলাদেশে পুশ-ইনভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার বিষয়টি কোনো ব্যক্তির বিদেশি হওয়ার প্রমাণ না হলেও এটিকে অবৈধ অভিবাসী শনাক্ত ও বিতাড়নের অভিযানের সঙ্গে জড়িয়ে ফেলা হয়েছে। গত মে মাসে ভারতের সুপ্রিম কোর্ট এই সংশোধনী প্রক্রিয়ার বৈধতা দিলেও স্পষ্ট জানিয়েছিলেন, এর অর্থ এই নয় যে নির্বাচন কমিশন কারও ভারতীয় নাগরিকত্ব নির্ধারণ করতে পারবে। তা সত্ত্বেও বিজেপি-শাসিত রাজ্যগুলোতে তালিকা থেকে বাদ পড়াদের রেশন কার্ড বাতিল করা হচ্ছে এবং পুলিশ পাসপোর্ট নবায়নের অনুমতি দিচ্ছে না। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর আটক, জিজ্ঞাসাবাদ বা বিতাড়নের শিকার হওয়া ১০টি পরিবারের সঙ্গে কথা বলেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স। তাদের সবার কাছেই ভারতীয় পরিচয়পত্র ও পারিবারিক নথিপত্র ছিল, এমনকি তাদের বাবা-মা ও ভাইবোনদের নাম এখনো ভোটার তালিকায় রয়েছে।

ভুক্তভোগীদের একজন ৩৮ বছর বয়সী সাহিদা ফকির। গত ১৯ জুলাই মুম্বাইয়ের বাসা থেকে সবজি কিনতে বের হয়েছিলেন তিনি। এর তিন মাস পর তাকে বাংলাদেশের একটি গ্রামে আশ্রয় নিতে হয়েছে, স্বামী ও দুই সন্তান থেকে বিচ্ছিন্ন অবস্থায়। সাহিদার অভিযোগ, সাদা পোশাকের পুলিশ তাকে আটক করে মোবাইল ফোন জব্দ করেÑযেখানে তার পরিচয়পত্রের কপি ছিলÑএবং পরে জোর করে সীমান্ত পার করে বাংলাদেশে পাঠিয়ে দেয়। আদালতের নথিতে দেখা গেছে, ওই কর্মকর্তারা মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের সদস্য ছিলেন। নথিপত্র অনুযায়ী, সাহিদার বাবা-মা ও দাদা-দাদি ১৯৫২ সালে ভারতের প্রথম জাতীয় নির্বাচন থেকেই পশ্চিমবঙ্গের স্বরূপনগরের নিবন্ধিত ভোটার ছিলেন এবং ২০০৮ সাল থেকে সাহিদার নিজের নামও তালিকায় ছিল। তার পরিবার গত আগস্টে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দায়ের করে জানিয়েছে, কেবল ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অজুহাতে কাউকে দেশছাড়া করা যায় না। এছাড়া কলকাতা হাইকোর্টে দায়ের করা অপর এক আবেদনে বাসন বিক্রেতা নাসিরউদ্দিন শেখসহ পাঁচজন জানিয়েছেন, বিশেষ ট্রাইব্যুনালে আপিল বিচারাধীন থাকা সত্ত্বেও তালিকা থেকে নাম বাদ পড়ার কারণে পুলিশ তাদের আটক করে ‘বাংলাদেশি’ বলে আখ্যা দিয়েছে।

‘বিশেষ উদ্বেগের দেশ’ ঘোষণার দাবি : মার্কিন কমিশনের কমিশনার জিন মিলস বলেন, ধর্মীয় পরিচয়ের কারণে নিজ দেশের নাগরিকদের বিতাড়িত করার ঘটনা সংখ্যালঘুদের লক্ষ্যবস্তু করার এক ভয়াবহ নজির। ধর্মীয় স্বাধীনতার চরম লঙ্ঘনের দায়ে ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ (কান্ট্রি অব পার্টিকুলার কনসার্ন) হিসেবে তালিকাভুক্ত করতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতি আহ্বান জানান তিনি। এর আগে বুধবার ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসওম্যান প্রমিলা জয়পালও খসড়া ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ পড়ার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানান।

নয়াদিল্লির প্রতিক্রিয়া : ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবরই ইউএসসিআইআরএফ-কে ‘পক্ষপাতদুষ্ট’ ও ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে প্রত্যাখ্যান করে আসছে এবং এ ধরনের মন্তব্যকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে অভিহিত করেছে। গত ১৪ নভেম্বর যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত কমিশনকে অন্যদের উপদেশ না দিয়ে নিজেদের ‘কুসংস্কার’ নিয়ে আত্মসমালোচনা করার আহ্বান জানান। অন্যদিকে ভারতের নির্বাচন কমিশন দাবি করেছে, মৃত, স্থানান্তরিত ও অযোগ্য ভোটারদের নাম বাদ দিতেই এই সংশোধনী চালানো হয়েছে এবং কারও নাম ভুলবশত বাদ পড়লে আপিলের মাধ্যমে তা পুনরায় যুক্ত করার সুযোগ রয়েছে। উল্লেখ্য, ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে গত ২ অক্টোবর থেকে ভারতজুড়ে বিক্ষোভ চলছে। তবে গত মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিষয়টিকে ভারতের ‘অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়’ উল্লেখ করে এ নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। সূত্র : রয়টার্স।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen + fourteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য