সারজা মিউজিয়াম অথরিটি (এসএমএ) ‘ভেনিস অ্যান্ড আর্টস অব ইসলাম’ শীর্ষক বিশেষ প্রদর্শনীর উদ্যোগ নিয়েছে। আয়োজকরা বলছেন, এর মাধ্যমে তারা সারা বিশ্বে ইসলামী সভ্যতার, বিশেষত শিল্পকলায় তার সুদূরপ্রসারী প্রভাব তুলে ধরতে চান। ‘সারজা মিউজিয়াম অব ইসলামিক সিভিলাইজেশন’ প্রথমবারের মতো এমন প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনীটি ১৬ ফেব্রুয়ারি ২০২২ থেকে ২ জুলাই ২০২২ পর্যন্ত চলবে।
ব্যতিক্রমধর্মী এই আয়োজনে সহযোগিতা করবে ইতালির Fondazione Musei Civici di Venezia|
প্রদর্শনীতে তিনটি পৃথক বিভাগের ৭০টি প্রত্নতাত্ত্বিক নিদর্শন স্থান পাবে। বিভাগ তিনটি হলো সাক্ষাৎ, সংলাপ ও অনুপ্রেরণা। প্রতিটি বিভাগে ইসলামিক ও ভেনিসিয়ান উভয় দিকের গুরুত্বপূর্ণ নথি ও নিদর্শন তুলে ধরা হবে। প্রদর্শনীতে এমন কিছু বিষয় তুলে ধরা হবে, যা আগে কখনো প্রাচ্যের কোনো স্থানে প্রদর্শিত হয়নি। যেমন—সেরেনিসিমা রিপাবলিক (রিপাবলিক অব ভেনিসের স্থানীয় নাম) প্রধান ডোজেকে দেওয়া সরকারি উপহার।
সাক্ষাৎ পর্বে তুলে ধরা হবে উভয় সংস্কৃতি পরস্পরকে কিভাবে প্রভাবিত করেছে এবং নিজেদের জ্ঞান ভাগাভাগি করেছে। সংলাপ পর্বে দেখানো হবে উভয় সভ্যতার মধ্যে কিভাবে বোঝাপড়া হয় এবং উভয় সভ্যতা ব্যবসা, বিজ্ঞান, সাহিত্য, শিল্পসহ বিভিন্ন বিষয়ে পারস্পরিক লেনদেনে সমৃদ্ধ হয়। অনুপ্রেরণা বিভাগে প্রদর্শিত সভ্যতা ও সংস্কৃতির প্রতিটি বিভাগে পারস্পরিক প্রভাব বিশ্লেষণ করা হবে।
সূত্র : ট্রেড আরাবিয়া
