অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পূর্ব জেরুসালেমের মসজিদুল আকসার মিনারে উঠার দরজার তালা নষ্ট করে দেয়ার মাধ্যমে আজানে বাধা দেয়ায় ইসরাইলি পুলিশের নিন্দা করেছে জর্দান। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।
বিবৃতিতে জর্দানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দাইফাল্লাহ আল-ফায়েজ জানান, ইসরাইলের এক পদক্ষেপ সারাবিশ্বের মুসলমানের বিরুদ্ধে প্ররোচনা এবং ঐতিহাসিক এই স্থানের মর্যাদা ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
এর আগে রমজানের প্রথমদিন ইসরাইলি কর্তৃপক্ষ মসজিদুল আকসার লাউডস্পিকার বন্ধ করার নির্দেশনা দিলে জেরুসালেমের ওয়াকফ বিভাগ তা মানতে অস্বীকৃতি জানায়। পরে ইসরাইলি পুলিশ এসে চার মিনারের দরজার তালা নষ্ট করে দিয়ে যায়।
জেরুসালে ওয়াকফ কাউন্সিলের এক সূত্র সৌদি দৈনিক আরব নিউজকে জানায়, ইসরাইলি পুলিশ এসে মসজিদের চার মিনারে উঠার দরজার তালা নষ্ট করে দেয় এবং মসজিদের লাউড স্পিকারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। এই সময় ইসরাইলের নির্দেশনা মানতে অস্বীকার করা ওয়াকফ কাউন্সিলের কর্মকর্তাদের তারা খুঁজতে থাকে।
১৯৬৭ সালে ছয় দিনের আরব-ইসরাইল যুদ্ধের পর মসজিদুল আকসাসহ পূর্ব জেরুসালেম ইসরাইল দখল করে নেয়। আন্তর্জাতিক আইনে অধিকৃত ভূমি হিসেবে বিবেচিত হলেও ইসরাইল শহরটিকে একীভূত করে নেয় এবং অখণ্ড জেরুসালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা করে। বিভিন্ন সময় শহরটিতে থাকা ফিলিস্তিনি বাসিন্দাদের উচ্ছেদ করে ইসরাইলি ইহুদিদের শহরে আবাসনের প্রচেষ্টা চালিয়ে আসছে ইসরাইলি কর্তৃপক্ষ।
