দুর্লভ ইসলামী পাণ্ডুলিপির প্রদর্শনী শুরু করেছে ‘দ্য আল-ফয়সাল মিউজিয়াম ফর আরব ইসলামিক আর্ট’। গত সোমবার শুরু হওয়া প্রদর্শনীতে জাদুঘরের ২৮ হাজার ৫০০ সংগ্রহ থেকে ৩৬টি পাণ্ডুলিপি স্থান পেয়েছে। জাদুঘরের পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রিন্স তুর্কি আল-ফায়সাল প্রদর্শনী উদ্বোধনের সময় বলেন, ‘নতুন প্রদর্শনীর উদ্দেশ্য হলো দর্শককে সেন্টারের মালিকানাধীন কিছু অসাধারণ পাণ্ডুলিপি ও মুদ্রণ কাজের সঙ্গে পরিচিত করা। ’ প্রতি শনি থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শকরা বিনা মূল্যে প্রদর্শনী উপভোগ করতে পারবে।
প্রদর্শনীতে ৩৬টি পাণ্ডুলিপি ছয় ভাগে বিভক্ত করে প্রদর্শন করা হয়েছে। তা হলো—জ্ঞানের যাত্রা, হাজারের বছরের প্রাচীন পাণ্ডুলিপি, নারী ও জ্ঞানের বিকাশ, লেখকের হাতে লেখা, দুর্লভ পাণ্ডুলিপি ও গুটেনবার্গের বিশ্ব। প্রদর্শিত পাণ্ডুলিপির মধ্যে আছে, প্রাণিকূলের প্রাচীন উপকথা ‘কালিলা ও দিমনা’। আবদুল্লাহ ইবনে মুকাফফা যার অনুবাদ করেন এবং ধারণা করা হয়, এটি দ্বিতীয় প্রাচীনতম সংস্করণ; মামলুক আমলের কোরআনের অনুলিপি, যা কায়রো থেকে সংগৃহীত; ইউরোপ থেকে দ্বিতীয় সংস্করণে (১৬৯৪ খ্রি.) মুদ্রিত কোরআনের একমাত্র অনুলিপি; ‘দ্য ডিসক্রিপশন অব ইজিপ্ট’ নামক বিশ্বকোষের প্রথম সংস্করণের পাঁচটি অনুলিপি; খ্রিস্টীয় ১৫ শতকে রচিত ইবনে খালদুন রচিত ‘কিতাবুল ইবার’-এর অনুলিপি, যাতে লেখকের হাতে লেখা মন্তব্য আছে।
এ ছাড়া জাদুঘরটি তাদের স্থায়ী প্রদর্শনী হল নতুনভাবে ঢেলে সাজিয়েছে। ‘আরব-ইসলামিক সভ্যতার বিবরণ’ শীর্ষক প্রদর্শনীতে স্থান পেয়েছে আরব-ইসলামী সভ্যতার ৯২টি নিদর্শন।
সূত্র : আরব নিউজ
