“আর অত্যন্ত আশ্চর্যের বিষয় হলো মানুষের জন্য হারাম খাদ্য, জুলুম-অত্যাচার, ব্যভিচার, চুরি, মদ্যপান, বেগানা নারীর দিকে তাকানো এবং এই জাতীয় অন্যান্য হারাম কাজ থেকে বেঁচে থাকা ও নিজেকে নিয়ন্ত্রণে রাখা খুবই সহজ মনে হয়; কিন্তু নিজের জিহ্বার নড়াচড়া নিয়ন্ত্রণ করা তার জন্য অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়!
এমনকি আপনি এমন অনেক মানুষকেও দেখতে পাবেন, যাকে দ্বীনদারী, দুনিয়াবিমুখতা ও ইবাদত-বন্দেগির কারণে সামাজিকভাবে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয় (খুব বুজুর্গ ভাবা হয়); অথচ সে অবলীলায় আল্লাহর অসন্তুষ্টির এমন সব কথা বলে ফেলে যার প্রতি সে সামান্যতম ভ্রুক্ষেপও করে না! অথচ তার অসতর্কভাবে বলা সেই একটিমাত্র কথার কারণে সে (জাহান্নামের আগুনে) পূর্ব ও পশ্চিমের দূরত্বের চেয়েও গভীরে গিয়ে পতিত হয়!
আর আপনি এমন কতশত মানুষকে দেখতে পাবেন যে অশ্লীলতা ও জুলুম-নির্যাতন থেকে অত্যন্ত সতর্ক ও পরহেযগার, অথচ তার জিহ্বা জীবিত ও মৃত মানুষের সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে (গীবত ও অপবাদ দিচ্ছে), আর সে নিজে পাত্তাই দিচ্ছে না যে সে মুখ দিয়ে কী উগড়ে দিচ্ছে!”
~ ইমাম ইবনুল কাইয়্যিম [রাহ.]
[ আদ দা ওয়াদ দাওয়া: ৩৬৬-৬৭]
