সাহল ইবনে সাআদ ইবনে সাআদ (রা.) মদিনার সর্বশেষ ইন্তেকালকারী সাহাবি। জাহেলি যুগে তাঁর নাম ছিল হাজান (দুঃখ-বেদনা)। রাসুল (সা.) তা পরিবর্তন করে রেখেছেন, সাহল (সহজ)। তিনি একজন বিখ্যাত আনসারি সাহাবি।
তাঁর পিতা সাআদ (রা.)ও একজন সাহাবি, যিনি রাসুল (সা.)-এর জীবদ্দশায় ইন্তেকাল করেন। রাসুল (সা.) মদিনায় হিজরতের পাঁচ বছর আগে জন্মগ্রহণ করেন। এ হিসেবে রাসুল (সা.)-এর ইন্তেকালের সময় তাঁর বয়স ছিল মাত্র ১৫ বছর। (সিয়ারু আলামিন নুবালা ৩/৪২২)
তাঁর থেকে ১৮৮টি হাদিস বর্ণিত আছে। তাঁর থেকে হাদিস বর্ণনা করেছেন তাঁর পুত্র আব্বাস; আবু হাজিম আল-আরাজ, আবদুল্লাহ ইবনে আবদুর রহমান ইবনে হারিছ, ইবনে শিহাব আজ-জুহুরি, ইয়াহইয়া ইবনে মাইমুন আল-হাজরামি প্রমুখ। (আল-আলাম ৩/১৪৩)
সাহল ইবনে সাআদ (রা.)-এর মৃত্যুসন ও বয়স নিয়ে কিছুটা মতভেদ আছে। আবু নুআইম (রহ.) বলেন, ইমাম বুখারি ও ইমাম তিরমিজি (রহ.)সহ অনেকের মতে ৮৮ হিজরি সনে ৯৬ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। ওয়াকিদি, ইয়াহইয়া ইবনে বুকাইর ও ইবনে নুমাইরের মতে ৯১ হিজরি সনে ১০০ বছর বয়সে। তিনি মদিনায় সর্বশেষ ইন্তেকালকারী সাহাবি। মুহাম্মদ ইবনে সাআদ বলেন, এতে কারো দ্বিমত নেই। (তাহজিবুল কামাল ১২/১৯০)
