ইসলামের তৃতীয় খলিফা হজরত ওসমান বিন আফফান রা:-এর শাসনকালের ইসলামিক প্রত্নতাত্ত্বিক শিলালিপি আবিষ্কারের দাবি করেছে সৌদি আরবের সাংস্কৃতিক ঐতিহ্য কর্তৃপক্ষ। এই শিলালিপি ১৪১৯ বছরের পুরোনো। সে হিসেবে এটি ইসলামের তৃতীয় খলিফার যুগের বলে ধারণা করা হচ্ছে।
সৌদি আরবের হেরিটেজ কর্তৃপক্ষ নিজেদের টুইটার অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে জানিয়েছে, দেশের পশ্চিমে মক্কা মুকাররামার কাসর আল-আলিয়ায় প্রত্নতাত্ত্বিক শিলালিপি পাওয়া গেছে। এই স্থানটি সরকারি নথিতে জাতীয় পুরাকীর্তি নিদর্শন হিসাবে তালিকাভুক্ত।
হেরিটেজ কর্তৃপক্ষ জানিয়েছে, শিলালিপিটি তারা নথিভুক্ত করেছে।
এই শিলালিপিতে আরবী বর্ণমালার শব্দ রয়েছে। শিলালিপিতে লেখা বাক্যগুলোর সাথে প্রথম যুগের আরবী লেখার অনেকটা মিল পাওয়া গেছে। সেখানে খোদাই করা হরফগুলোতে কোনো নোকতা নেই। এর প্রথম লাইনে ‘জুহির’ নামে অস্পষ্ট একটি শব্দ পাওয়া গেছে।
‘আমি জুহাইর আল্লাহকে বিশ্বাস করি। আমাকে ২৪ হিজরিতে ওসমান ইবনে আফফান নির্দেশ দিয়েছিলেন’ – সেখানে পাওয়া বাক্য থেকে অনেকটা এমন কিছু বোঝা গেছে।
প্রাপ্ত শিলালিপিটিতে লেখা বাক্য খলিফা ওসমান রা:-এর খেলাফত গ্রহণের পরের হওয়ার কারণে এটি অত্যন্ত তাৎপর্যযপূর্ণ। এটি ইসলামী শিলালিপির তৃতীয় প্রাচীনতম একটি পাথরের দলিল।
সূত্র : আল আরাবিয়া
