আগামী ২০ নভেম্বর শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ-২০২২। বিশ্বকাপ উপলক্ষে দেওয়া ‘হাইয়া’ কার্ডধারী মুসলিমরা পবিত্র ওমরাহ ও মদিনা ভ্রমণ করতে পারবে। ওমরাহ পালন করতে তাদের ভিসার প্রয়োজন হবে না বলে জানিয়েছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়। সৌদি গেজেট সূত্রে এ তথ্য জানা যায়।
বিজ্ঞাপন
সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিসা বিভাগের সহকারী মহাপরিচালক খালেদ আল-শামারি বলেছেন, ‘হাইয়া’ কার্ডধারীর জন্য ভিসা কার্যক্রম পুরোপুরি ফ্রি থাকবে। ই-ভিসার সব খরচ দেশটি বহন করবে। তবে ভিসা প্ল্যাটফর্ম থেকে স্বাস্থ্যবীমা থাকতে হবে। বিশ্বকাপ চলাকালে দুই মাস পর্যন্ত এই সুযোগ থাকবে।
খবরে বলা হয়, বিশ্বকাপ শুরু হওয়ার ১০ দিন আগে ১১ নভেম্বর থেকে সৌদি আরবে প্রবেশ করা যাবে। এরপর আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত বিশ্বকাপ শেষ নাগাদ এ সুযোগ থাকবে। এ সময় যখন ইচ্ছা সৌদিতে প্রবেশ ও বের হওয়ার সুযোগ পাবেন কার্ডধারীরা। তা ছাড়া এ কার্ডধারীদের কাতার থেকে প্রবেশও শর্ত করা হয়নি। কাতার বিশ্বকাপ-২০২২-এ উপস্থিত হওয়া সবার জন্য ‘হাইয়া’ কার্ড থাকা বাধ্যতামূলক। খেলা দেখতে যাওয়া সবাইকে এই কার্ড ধারণ করতে হবে। মধ্যপ্রাচ্য ও আরববিশ্বে প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০ নভেম্বর দেশটির আল-বাইত স্টেডিয়ামে কাতার ও ইকুয়েডরের মধ্যে উদ্বোধনী ম্যাচের মাধ্যমে এ খেলা শুরু হবে। ২৯ দিনব্যাপী এ বিশ্বকাপে ৬৪টি ম্যাচের খেলা হবে। এরপর ১৮ ডিসেম্বর কাতারের জাতীয় দিবসে লুসাইল স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। সেখানে একসঙ্গে ৮০ হাজার দর্শক সরাসরি খেলা দেখতে পাবে।
সূত্র : সৌদি গেজেট
