তালেবান নিয়ন্ত্রিত আফগান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে তারা এক লাখ সদস্যের সেনাবাহিনী গঠন করতে যাচ্ছে। শনিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইনায়েতুল্লাহ খাওয়ারাজমি বলেন, তারা একটি সুসঙ্ঘবদ্ধ ও প্রশিক্ষিত সেনাবাহিনী গঠনে জোর দিয়েছে।
তিনি জানান, যখন এ সেনাবাহিনী গঠন করার কাজ সম্পন্ন হবে, তখন তাদেরকে দায়িত্ব পালন করতে পাঠানো হবে। এ সেনাবাহিনী গঠন করার কাজ ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে।
আগের পশ্চিমা সমর্থনপুষ্ট আফগান সরকারের পতনের পর ওই সময়ের তিন লাখ পঞ্চাশ হাজার সদস্যের সেনাবাহিনীকে বাতিল করে দেয়া হয়।
প্রশিক্ষত সেনাবাহিনী গঠনের বিষয়ে সামার সাদাত নামের সাবেক এক সেনা কর্মকর্তা বলেন, আফগানিস্তানের সেনাবাহিনীকে চৌকস হতে হবে। এ প্রতিরক্ষাবাহিনীকে সামরিক শৃঙ্খলা মেনে চলতে হবে। এ সেনাবাহিনীর সদস্যদেরকে সঠিক পোষাক ও অন্যান্য সামরিক সরঞ্জাম সরবরাহ করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আজিজ মুজাদ্দিদ বলেন, এ আফগান সেনাবাহিনীর সদস্যরা দায়িত্বে আসবেন দেশটির সকল গোষ্ঠী থেকে। এছাড়া সাবেক যে সকল সেনারা তাদের পেশাদারিত্বের প্রমাণ রেখেছেন, তাদেরকেও এ সেনাবাহিনীর অন্তর্ভুক্ত করতে হবে।
এদিকে তালেবান কর্তৃপক্ষ নিয়ন্ত্রিত আফগান সরকার জানিয়েছে, সাবেক সেনাবাহিনীর কিছু ব্যক্তিকে চাকরি ও পদ-পদবি দেয়া হবে। এ সেনাবাহিনী গঠনে ২০ সদস্যের একটি প্রতিনিধি দলকে দায়িত্ব দেয়া হয়েছে।
ইনায়েতুল্লাহ খাওয়ারাজমি বলেন, আফগান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি কমিটিকে দায়িত্ব দেয়া হয়েছে সেনাবাহিনী গঠনে কার্যকর পদক্ষেপ নিতে।
সূত্র : তোলো নিউজ
