পুরুষরা কর্মরত আছেন- এমন বিউটি পার্লারে মুসলিম নারীদের যাওয়া নিয়ে পরামর্শ দিয়েছেন ভারতের এক মাওলানা। দেশটির ওই মাওলানা বলেছেন, ‘পুরুষ কর্মীদের পরিচালিত বিউটি পার্লারে মুসলিম নারীদের যাওয়া উচিৎ নয়। এটি একেবারেই নিষিদ্ধ বিষয়।’ আজ শুক্রবার ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভারতের উত্তর প্রদেশের মুফতি আসাদ কাশমি নামের ওই মাওলানা অবশ্য জানিয়েছেন, যেসব বিউটি পার্লারে নারীরা কাজ করেন, সেখানে যেতে মুসলিম নারীদের বাধা নেই। কাশমি শুধু পুরুষ কর্মীদের বিউটি পার্লারে নারীদের যাওয়া নিয়ে আপত্তির কথা জানিয়েছেন।
পুরুষ কর্মীদের পার্লারে নারীদের মেকআপ করাকে কাশমি নিষিদ্ধ ও বেআইনি হিসেবে উল্লেখ করেছেন। তিনি মুসলিম নারীদের নারী পরিচালিত পার্লারে যাওয়ার পরামর্শ দেন।
তার এমন বক্তব্যে দেশটিতে সমালোচনার ঝড় তুলেছে।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, তার এমন মন্তব্য উত্তর প্রদেশের কানপুরের সাম্প্রতিক এক ঘটনা মনে করিয়ে দেয়। স্ত্রী ভ্রু প্লাক করেছেন, ভিডিও কলে এমনটি দেখার পরই তাকে তালাক দেন সৌদি আরবে কর্মরত এক ব্যক্তি।
স্ত্রীর দিকে দেখেই সেলিম নামের ওই ব্যক্তি বলেন, ‘তুমি এতদূর এগিয়ে গেছ। আমার সমস্ত আপত্তি সত্ত্বেও তুমি ভ্রু প্লাক করালে? আজ থেকে আমি তোমাকে এই বিয়ে থেকে মুক্তি দিলাম।’ এরপরই সেলিম তিনবার তালাক শব্দ উচ্চারণ করে ফোন কেটে দেন।
