প্লেটে সবুজ সবজির সমারোহ দেখে আমরা নিশ্চিন্ত হই, ভাবি শরীরের প্রয়োজন মিটছে। কিন্তু গবেষণা বলছে, ষাট বছর আগের তুলনায় আধুনিক শাকসবজিতে পুষ্টি উপাদান উল্লেখযোগ্য হারে কমেছে। কিছু নির্দিষ্ট ফসলে বেশ কিছু খনিজ উপাদান ৫০ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে। জার্নাল অব দ্য আমেরিকান সোসাইটি ফর হর্টিকালচারাল সায়েন্সে প্রকাশিত গবেষণা ও আন্তর্জাতিক বিভিন্ন পর্যালোচনায় উঠে এসেছে, দ্রুত বর্ধনশীল জাতের উদ্ভাবন ও আধুনিক কৃষিপদ্ধতির কারণে ফসলে খনিজ ও ভিটামিনের ঘনত্ব কমে যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাসের গবেষকদের বহুল আলোচিত একটি প্রতিবেদন পাবমেডে প্রকাশিত হয়। এতে ইউএসডিএর ১৯৫০ ও ১৯৯৯ সালের খাদ্য উপাদানের তথ্য পর্যালোচনা করা হয়। ৪৩টি ফসলের পুষ্টিমান তুলনা করে দেখা যায়, প্রোটিন কমেছে ৬ শতাংশ, ক্যালসিয়াম ১৬ শতাংশ, ফসফরাস ৯ শতাংশ, আয়রন ১৫ শতাংশ, ভিটামিন সি ২০ শতাংশ এবং রিবোফ্লাভিন ৩৮ শতাংশ পর্যন্ত।
গবেষণা প্রতিষ্ঠান ডিপ সায়েন্স ভেঞ্চারসের তথ্যের বরাতে ইয়াহু নিউজ জানায়, ১৯৬০-এর দশকে যে পরিমাণ পটাসিয়াম, ম্যাগনেসিয়াম বা কপার মিলত, এখন তা পেতে দ্বিগুণ সবজি খেতে হতে পারে। অর্থাৎ নির্দিষ্ট কিছু ফসলে পুষ্টির ঘনত্ব ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমেছে।
সায়েন্টিফিক আমেরিকানের ভাষ্য, এর পেছনে প্রধান ভূমিকা রাখছে ‘জেনেটিক ডাইলিউশন ইফেক্ট’ বা জিনগত লঘুকরণ। অধিক ফলনশীল জাতের সবজি আকারে বড় ও দ্রুত বাড়লেও প্রতি গ্রামে খনিজ ও ভিটামিনের ঘনত্ব কমে যায়। পাশাপাশি মাটির উর্বরতা হ্রাস, রাসায়নিক সারের ব্যবহার, সেচপদ্ধতি এবং ফসল তোলার পর দীর্ঘ পরিবহন ও সংরক্ষণের কারণেও ভিটামিন সি-এর মতো সংবেদনশীল উপাদান নষ্ট হচ্ছে বলে উল্লেখ করেছে বিবিসি ফিউচার।
ফুডফ্যাক্টস ডট ওআরজির পুষ্টিবিজ্ঞানীরা বলছেন, পুষ্টি কিছুটা কমার চেয়ে বড় সংকট হলো, অধিকাংশ মানুষ দৈনন্দিন চাহিদার তুলনায় অনেক কম সবজি খান। বিশেষজ্ঞদের পরামর্শ খাদ্যতালিকায় বৈচিত্র্য আনার, পাশাপাশি খাবার জন্য তাজা ও মৌসুমি শাকসবজি বেছে নেয়া বেশি উপযোগী, এবং অতিরিক্ত তাপে রান্না না করা , এতে ভিটামিন নষ্ট হয়।
সামগ্রিকভাবে সব সবজির পুষ্টি অর্ধেক কমে গেছে, এমন দাবি পুরোপুরি সঠিক নয়। তবে গত ছয় দশকে কিছু ফসলে খনিজ উপাদান যে ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমেছে, তা গবেষণায় স্পষ্ট।
থালার সবুজ রং একই আছে, কিন্তু ভেতরের পুষ্টির হিসাব বদলে গেছে। প্রশ্ন হলো, ফলনের দৌড়ে আমরা কি স্বাদ আর পুষ্টি, দুটোই পেছনে ফেলে এলাম?
