ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ) ওপর নিষেধাজ্ঞা আরও পাঁচ বছর বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। বিশিষ্ট ইসলামী বক্তা ড. জাকির নায়েকের প্রতিষ্ঠিত সংস্থাটির বিরুদ্ধে নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার অভিযোগ তুলে শুক্রবার (১৩ নভেম্বর) নতুন নির্দেশনা জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ভারতের বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন, ১৯৬৭-এর ৩ ধারার উপধারা ১ ও ৩ অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, আইআরএফের কর্মকাণ্ড ভারতের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে। সংস্থাটি ও এর সদস্যরা, বিশেষ করে প্রতিষ্ঠাতা ও সভাপতি জাকির আব্দুল করিম নায়েক, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ছড়াতে অনুসারীদের উৎসাহিত করছেন।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জাকির নায়েকের বক্তব্যকে আপত্তিকর ও উসকানিমূলক বলে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, আন্তর্জাতিক স্যাটেলাইট টেলিভিশন, ইন্টারনেট, মুদ্রিত গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তিনি বিশ্বের লাখো মানুষের কাছে উগ্র বার্তা পৌঁছে দিয়েছেন। এসব বক্তব্য ভারত ও অন্যান্য দেশের তরুণদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে অনুপ্রাণিত করেছে বলেও অভিযোগ করেছে কর্তৃপক্ষ।
নিষেধাজ্ঞা কার্যকর না থাকলে আইআরএফের আত্মগোপনে থাকা কর্মীরা আবার সংগঠিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাদের মতে, এর ফলে ভারতের ধর্মনিরপেক্ষ কাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ভারতবিরোধী মনোভাব ছড়ানো, সশস্ত্র তৎপরতায় সমর্থন এবং বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড বাড়ার ঝুঁকি রয়েছে।
আইআরএফের ওপর প্রথম নিষেধাজ্ঞা দেওয়া হয় ২০১৬ সালের ১৭ নভেম্বর, পাঁচ বছরের জন্য। ২০২১ সালের ১৫ নভেম্বর সেই নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হয়েছিল। এবার আগের মেয়াদ শেষ হওয়ার এক দিন আগে নতুন নির্দেশনা জারি করে নিষেধাজ্ঞা আরও পাঁচ বছরের জন্য নবায়ন করল ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সোর্স : এনডিটিভি
