একবার একজন রাজনীতিবিদ সামনে এলেন। মুসলিম বিশ্বের উদ্দেশে তার বক্তব্য ছিল বেশ চমৎকার। ইসলামের ইতিহাস, মুসলিম সভ্যতা ও মুসলিমদের অবদান নিয়ে সুন্দর সুন্দর কথা বললেন। মুসলিমদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের আশ্বাস দিলেন। তার পারিবারিক পরিচয়ের সঙ্গেও মুসলিমদের সংযোগ ছিল। স্বাভাবিকভাবেই মুসলিমদের অনেকে তাকে নিয়ে আশাবাদী হয়ে উঠলেন। মনে হচ্ছিল, পশ্চিমা ক্ষমতাকাঠামোর ভেতর থেকে বুঝি এবার মুসলিমদের জন্য নতুন কোনো আশার আলো উদয় হতে যাচ্ছে।
কিন্তু পরবর্তী সময়ে তার নিরস্ত্র মানুষের ওপর ড্রোন হামলা, মধ্যপ্রাচ্যনীতি ও সামরিক হস্তক্ষেপ তার সুন্দর বক্তব্যের সঙ্গে বাস্তব কর্মকাণ্ডের বিস্তর ব্যবধান স্পষ্ট করে দেয়। এই রাজনীতিবিদ আর কেউ নন, বারাক ওবামা। ২০০৯ সালের ৪ জুন কায়রোতে, আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে মুসলিম বিশ্বের উদ্দেশে তিনি দিয়েছিলেন তার বিখ্যাত ‘A New Beginning’ ভাষণ।
এ ধরনের ঘটনা আমাদের জন্য নতুন নয়। মুসলিমদের একটি অংশ বারবার এ ধরনের বিষয়ে আবেগতাড়িত হয়ে পড়ে। কেউ মুসলিমদের পক্ষে দু-চারটি কথা বললে, ইসলাম সম্পর্কে ইতিবাচক বক্তব্য দিলে কিংবা মুসলিম পরিচয় সামনে আনলেই আমরা তাকে নিজেদের প্রতিনিধি ভাবতে শুরু করি। তার প্রকৃত আদর্শ কী, শরিয়াহ ও ইসলামী জীবনব্যবস্থা সম্পর্কে তার অবস্থান কী, এসব যাচাই করার প্রয়োজন যেন আর থাকে না।
এখানে পশ্চিমা কট্টর ইসলামবিদ্বেষী ডানপন্থীদের সঙ্গে আমাদের একটি অদ্ভুত মিল রয়েছে। তারা কাউকে মুসলিম পরিচয়ের কারণে আক্রমণ করে, আর মুসলিমদের একাংশ সেই আক্রমণ দেখেই ধরে নেয়, নিশ্চয়ই সে ইসলামের জন্য গুরুত্বপূর্ণ কিছু করছে। অথচ ইসলামবিদ্বেষীদের বিরোধিতার শিকার হওয়াই কাউকে ইসলামের আদর্শিক প্রতিনিধি বানিয়ে দেয় না।
আর কেউ যখন সেই ব্যক্তির রাজনৈতিক দর্শন নিয়ে প্রশ্ন তোলে, তখন তাকেই বিদ্রূপ করা হয়। যেন মুসলিম পরিচয়ের কোনো ব্যক্তির সমালোচনা করা মানেই মুসলিমদের অগ্রগতির বিরোধিতা করা। এভাবে আদর্শিক পর্যালোচনার জায়গায় পরিচয়ভিত্তিক আবেগ প্রতিষ্ঠিত হয়।
দুর্ভাগ্যজনকভাবে, বারাক ওবামার অভিজ্ঞতা থেকেও আমরা যথেষ্ট শিক্ষা নিইনি। এর সাম্প্রতিক উদাহরণ আবদুল এল-সায়েদ। যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হিসেবে নির্বাচিত হওয়াকে অনেকেই মুসলিম ও ইসলামের বিজয় হিসেবে উদ্যাপন করছেন। অথচ তার রাজনৈতিক দর্শন মূলত প্রগ্রেসিভ ও বামপন্থী ধারার। LGBTQ+ অধিকার, Gender-affirming healthcare এবং Abortion rights-এর মতো বিভিন্ন বিষয়ে তার অবস্থানও ইসলামী দৃষ্টিভঙ্গির সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। তাহলে তার নির্বাচনী সাফল্যকে ইসলামের বিজয় হিসেবে দেখার ভিত্তি কী? কেবল তার মুসলিম পরিচয়?
এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে। একজন রাজনীতিবিদ তার মুসলিম পরিচয়কে এত গুরুত্ব দিয়ে সামনে আনেন কেন? বিশেষ করে যখন তার রাজনৈতিক দর্শনের বড় একটি অংশ ইসলামী জীবনব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক?
এর উত্তর খুঁজতে গেলে আমাদের Identity Politics বা পরিচয়ভিত্তিক রাজনীতির ধারণাটি বুঝতে হবে। আধুনিক পশ্চিমা রাজনীতিতে পরিচয়ভিত্তিক রাজনীতি এমন একটি প্রবণতা, যেখানে মানুষের ধর্ম, বর্ণ, জাতিগত পরিচয়, লিঙ্গ কিংবা যৌন পরিচয়কে রাজনৈতিক প্রতিনিধিত্ব ও অগ্রগতির প্রধান মাপকাঠি হিসেবে প্রতিষ্ঠা করা হয়। এখানে কোনো নির্দিষ্ট পরিচয়ের একজন ব্যক্তি ক্ষমতার জায়গায় পৌঁছালে সেটিকে সেই পরিচয়সম্পন্ন পুরো জনগোষ্ঠীর বিজয় হিসেবে উপস্থাপন করা হয়। অথচ একজন ব্যক্তির পরিচয়গত সাফল্য আর তার প্রতিনিধিত্ব করা আদর্শের সাফল্য এক বিষয় নয়।
সমস্যা হচ্ছে, এই রাজনীতি মানুষকে তার আদর্শিক অবস্থানের পরিবর্তে পরিচয়ের ভিত্তিতে মূল্যায়ন করতে শেখায়। ফলে একজন মুসলিম রাজনীতিবিদ মুসলিম পরিচয় ধারণ করেই এমন একটি রাজনৈতিক দর্শনের প্রতিনিধিত্ব করতে পারেন, যার মৌলিক নীতিগুলো ইসলামের সঙ্গে সাংঘর্ষিক। কিন্তু পরিচয়ভিত্তিক রাজনীতির বয়ানে তার এই আদর্শিক অবস্থানগুলো গৌণ হয়ে যায়। মুখ্য হয়ে ওঠে তার মুসলিম পরিচয় এবং ক্ষমতার কাঠামোয় তার উপস্থিতি।
এভাবে পরিচয়কে আদর্শের বিকল্প হিসেবে দাঁড় করানো হয়। মুসলিমদের সামনে ইসলামী আকিদা, শরিয়াহ ও জীবনব্যবস্থার প্রতিনিধিত্বের পরিবর্তে একজন মুসলিম বংশোদ্ভূত কিংবা মুসলিম পরিচয়ধারী ব্যক্তির রাজনৈতিক সাফল্যকে অগ্রগতি হিসেবে হাজির করা হয়। যেন ক্ষমতার কেন্দ্রে একজন মুসলিম মুখের উপস্থিতিই মুসলিম উম্মাহর রাজনৈতিক বিজয়ের প্রমাণ!
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই রাজনীতিবিদরা যে ব্যবস্থার ভেতরে ক্ষমতায় যাচ্ছেন, সেই ব্যবস্থার মৌলিক কাঠামো ও নীতিগুলোকে সাধারণত চ্যালেঞ্জ করছেন না। বরং সেই ব্যবস্থার নিয়ম মেনেই তার ভেতরে নিজেদের জায়গা তৈরি করছেন এবং সেই ব্যবস্থারই বৈধতা উৎপাদন করছেন।
উদাহরণ হিসেবে ফিলিস্তিনের বিষয়টি বিবেচনা করা যায়। পশ্চিমা রাজনৈতিক মূলধারার একটি বড় অংশের কাছে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব ও নিরাপত্তার বৈধতা একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক অবস্থান। আর একই সঙ্গে তারা ফিলিস্তিনি প্রতিরোধে নিযুক্ত বিভিন্ন সংগঠন ও কর্মকাণ্ডকে সন্ত্রাসবাদ হিসেবে আখ্যায়িত করে। ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার নিন্দা এবং পরবর্তী সময়ে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন সম্পর্কে মুসলিম পরিচয়ে রাজনীতি করা ব্যক্তিদের অবস্থানও পশ্চিমাদের অবস্থান থেকে আলাদা নয়। তারা একে গণহত্যা বলে আখ্যায়িত করলেও আল্টিমেটলি মুসলিমদের রেসিস্টেন্সকে তারা কখনো সমর্থন করবে না।
মুসলিমদের যে অংশ আধুনিক বিশ্বব্যবস্থার মৌলিক আদর্শিক ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করছে, ইসলামী জীবনব্যবস্থার প্রতিষ্ঠার কথা বলছে এবং বিকল্প আদর্শিক কাঠামোর আহ্বান জানাচ্ছে, তাদের সঙ্গে বিদ্যমান ব্যবস্থার ভেতরে থেকে কেবল প্রতিনিধিত্ব অর্জন করতে চাওয়া রাজনৈতিক ধারার মৌলিক পার্থক্য রয়েছে। এক পক্ষ বিদ্যমান ব্যবস্থার মধ্যে নিজেদের জায়গা তৈরি করতে চায়, অন্য পক্ষ ব্যবস্থাটির আদর্শিক ভিত্তি ডিকন্সট্রাক্ট করতে চায়।
সুতরাং, কোনো মুসলিম রাজনীতিবিদের ক্ষমতায় আরোহণকে স্বয়ংক্রিয়ভাবে ইসলামের অগ্রগতি হিসেবে বিবেচনা করার সুযোগ নেই, বিজয় বলা তো দূরে থাকুক। বরং দেখতে হবে, তার রাজনৈতিক দর্শন কোন আদর্শকে শক্তিশালী করছে এবং তার কর্মকাণ্ড কোন জীবনব্যবস্থার পক্ষে কাজ করছে।
আল্লাহ তাআলা বলেছেন:
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ادْخُلُوا فِي السِّلْمِ كَافَّةً
“হে মুমিনগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো।” — সুরা আল-বাকারা, ২:২০৮
উমর ইবনুল খাত্তাব (রা.) বলেন:
“আমরা ছিলাম সবচেয়ে লাঞ্ছিত জাতি, আল্লাহ আমাদের ইসলাম দ্বারা সম্মানিত করেছেন। অতএব, আল্লাহ যা দিয়ে আমাদের সম্মানিত করেছেন, তা ছাড়া অন্য কিছুতে সম্মান খুঁজলে আল্লাহ আমাদের অপমানিত ও লাঞ্ছিত করবেন।” — আল-মুসতাদরাক আলাস সহিহাইন, ইমাম আল-হাকিম, কিতাবুল ঈমান, হাদিস নং ২০৭ (খ. ১, পৃ. ৬১–৬২)
আমাদের বিজয়ের পথ তাই অন্য কোনো আদর্শের সঙ্গে আপস করে মুসলিম পরিচয়ের প্রতীকী সাফল্য অর্জন করা নয়। বরং ঈমান, আকিদা, দ্বীনের পূর্ণাঙ্গ অনুসরণ ও আদর্শিক দৃঢ়তার মধ্যেই আমাদের মর্যাদা নিহিত। তাজদিদ ও ইসলামী ইনকিলাব ব্যতীত আমাদের অন্য কোনো পথে বিজয় আসবে না।
এই বিষয়টি মাথায় না রাখলে, অন্যের তৈরি ব্যবস্থায় মুসলিম মুখের উপস্থিতি দেখে আমরা বারবার উল্লাস করব, কিন্তু নিজেদের আদর্শিক সংকটের কোনো সমাধান করতে পারব না।
