হঠাৎ করেই রাজধানীতে দেখা মিললো উইঘুর মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদ সম্বলিত পোস্টার ও লিফলেট। এতে চীন সরকারের নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে ‘মুসলিম অধিকার সংরক্ষণ পরিষদ’ নামের একটি সংগঠন।
শুক্রবার বিকেলে রাজধানীর কাকরাইল মসজিদের সামনে প্রতিবাদ ও ১৪ দফা দাবি সম্বলিত পোস্টার এবং লিফলেট দেখতে পাওয়া যায়। রমনা পার্কের পাশের এই মসজিদটি তাবলীগ জামাতের মারকায বা প্রধান দপ্তর।
সাংবাদিক মুক্তাদির রশিদ রোমিওর এক টুইটে দেখা যায়, একই ডিজাইনের লিফলেট ও পোস্টারগুলোতে উইঘুরে চীন সরকারের নির্যাতনের প্রতিবাদে বিশ্ব মুসলিমকে এক হওয়ার আহ্বানসহ ১৪ দফা দাবি জানানো হয়েছে।
চীনের জিনজিয়াং প্রদেশের মুসলিম অধ্যুষিত উইঘুরের প্রায় ১০ লাখ নারী-পুরুষকে সুরক্ষিত শিবিরে বন্দি করেছে দেশটির সরকার। ‘চরিত্র সংশোধনাগার’ নামের এ শিবিরে মুসলিমদের প্রতি চরম অত্যাচার ও নির্যাতন করা হচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।
