চলতি মাসে রাজধানীসহ সারাদেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য করোনা শনাক্তকরণ পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ অধিশাখার উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, সারাদেশে সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় করোনা পরীক্ষার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। পরীক্ষার ফি প্রদান করে দরিদ্র জনগোষ্ঠীর একই পরিবারের একাধিক সদস্যের করোনা পরীক্ষা কষ্টকর হয়ে যাচ্ছে।
এমতাবস্থায় করোনা মোকাবিলায় দেশের দরিদ্র জনগণের করোনা পরীক্ষা শুধু জুলাই মাসের জন্য বিনামূল্যে করার বিষয়ে সংশ্লিষ্ট সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এদিকে, দেশে করোনার সংক্রমণ ও মৃত্যু বাড়ছে। দেশে গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৩০১ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় মারা গেছেন ১৪৩ জন। এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ১৪ হাজার ৬৪৬ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ২১ হাজার ৫৫৯ জনের। দেশে করোনামুক্ত হয়েছেন ৪ হাজার ৬৬৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ২০ হাজার ৯১৩ জন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
