Tuesday, November 17, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরঅস্থির বস্ত্র ও তৈরি পোশাক খাতে ব্যাংক ঋণ সাড়ে ৩ লাখ কোটি...

অস্থির বস্ত্র ও তৈরি পোশাক খাতে ব্যাংক ঋণ সাড়ে ৩ লাখ কোটি টাকা

দেশের ব্যাংকগুলোর বিনিয়োগ তথা ঋণ বিতরণের প্রধান খাত বস্ত্র ও তৈরি পোশাক। রফতানি আয় এবং কর্মসংস্থানেরও বড় উৎস এ শিল্প খাত। মজুরি বৃদ্ধির দাবিতে দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা শ্রমিক অসন্তোষ, বিশৃঙ্খলা ও ভাংচুরের ঘটনায় উদ্বেগ বাড়ছে বস্ত্র ও তৈরি পোশাক কারাখানার উদ্যোক্তাদের। কারখানা সচল রাখার পাশাপাশি তাদের মধ্যে ভর করেছে ঋণের কিস্তি পরিশোধের চাপও। সমান্তরালে উদ্বেগ বাড়ছে বস্ত্র ও তৈরি পোশাক খাতে ঋণ দেয়া ব্যাংকারদের মধ্যেও। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে খেলাপি ঋণের ভারে বিপর্যস্ত ব্যাংক খাতের পরিস্থিতি আরো নাজুক হবে বলে মনে করছেন তারা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত বছরের ডিসেম্বর শেষে ব্যাংক খাতের বিতরণকৃত ঋণ স্থিতি ছিল ১৮ লাখ ২০ হাজার ৪৩০ কোটি টাকা। এর মধ্যে কেবল বস্ত্র ও তৈরি পোশাক খাতেই ছিল ৩ লাখ ৪৭ হাজার ৩৩৯ কোটি টাকার ঋণ, যা মোট ঋণের ১৯ দশমিক ১০ শতাংশ। আগে থেকেই এ খাতে বিতরণকৃত ঋণের প্রায় এক-তৃতীয়াংশ খেলাপি, চলমান সংকট যা আরো উসকে দেয়ার ঝুঁকি তৈরি করেছে। এতে ভালো পারফরম্যান্সের ব্যাংকগুলোরও খেলাপি ঋণ বেড়ে যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ব্যাংক নির্বাহীরা বলছেন, দেশের ব্যাংক খাতের পরিস্থিতি এমনিতেই নাজুক। বস্ত্র ও তৈরি পোশাক খাতে সৃষ্ট অস্থিরতা ভালো ব্যাংকগুলোকেও এখন বিপদের দিকে ঠেলে দিচ্ছে। পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে খেলাপি ঋণ আরো বেড়ে যাবে। এতে ব্যাংক খাতের পাশাপাশি দেশের অর্থনীতিও আরো ভঙ্গুর পরিস্থিতিতে পড়বে।

আর উদ্যোক্তাদের ভাষ্য হলো শ্রমিক অস্থিরতা ও বিশৃঙ্খল পরিস্থিতির কারণে আগামী তিন-চার মাসে উদ্যোক্তা ও ব্যাংকাররা বড় চাপের মুখোমুখি হবেন।

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান মাসরুর আরেফিন মনে করেন, চলমান শ্রমিক আন্দোলন ও কারখানার উৎপাদন ব্যাহত হওয়ায় পণ্য রফতানিতে বিলম্ব, ক্রয়াদেশ বাতিল এবং ক্রেতাদের আস্থা হ্রাসের আশঙ্কা তৈরি হয়েছে। একবার ক্রয়াদেশ ভারত, ভিয়েতনাম বা পাকিস্তানের মতো বিকল্প উৎপাদনকারী দেশে চলে গেলে সেগুলো পুনরুদ্ধার করা কঠিন হতে পারে।

মজুরি বৃদ্ধি, উৎপাদন ব্যাহত হওয়া ও রফতানি কার্যক্রমে বিঘ্ন—তিনটি বিষয় একসঙ্গে চাপ তৈরি করছে বলে জানান মাসরুর আরেফিন। তিনি বলেন, ‘এসবের প্রভাবে দীর্ঘমেয়াদে উৎপাদন ব্যয় বাড়বে। স্বল্পমেয়াদে উৎপাদন ব্যাহত হলে ক্যাশ ফ্লো ও তারল্য সংকটে ভালো প্রতিষ্ঠানও ঋণের কিস্তি পরিশোধে সমস্যায় পড়তে পারে। মধ্যমেয়াদে চলতি মূলধনের সংকট, ঋণ পরিশোধে বিলম্ব ও ব্যাংকের ঋণের মান অবনতির ঝুঁকি রয়েছে। অন্যদিকে বছরের এ সময়ে সাধারণত পরবর্তী গ্রীষ্ম মৌসুমের পোশাকের ক্রয়াদেশ চূড়ান্ত হয়। চলমান অস্থিরতা দীর্ঘায়িত হলে বর্তমান রফতানি চালানের পাশাপাশি সামনের বছরের রফতানি ক্রয়াদেশের ওপরও প্রভাব পড়তে পারে।’

মজুরি বোর্ড গঠন ও ৩০ হাজার টাকা মজুরির দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের সূচনা গত আগস্টের মাঝামাঝিতে। শুরুতে এ অসন্তোষের ব্যাপ্তি সীমিত থাকলেও গত ৩১ অক্টোবর তা সহিংস আন্দোলনে রূপ নেয়। প্রথমে রাজধানীর উত্তরা, মিরপুর এবং চট্টগ্রামের বায়েজিদ এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। এরপর ধীরে ধীরে নারায়ণগঞ্জ, সাভার ও গাজীপুরের শিল্পাঞ্চলেও অসন্তোষ ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর ছয় সদস্যের নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে দেয় সরকার। বোর্ডের সভায় সব পক্ষের মধ্যে আলাপ-আলোচনা চলতে থাকলেও এখনো বিক্ষোভ অব্যাহত রয়েছে।

নভেম্বরের শুরুতে শ্রম অসন্তোষের কারণে উৎপাদন ব্যাহত হওয়া কারখানার সংখ্যা একদিনে ৬৯০-এ পৌঁছে যায়। বিজিএমইএর হিসাব অনুযায়ী, ১ নভেম্বর ৫২৯টি কারখানায় উৎপাদন ব্যাহত হয়। পরদিন ২ নভেম্বর বিজিএমইএর ৬৭০টি এবং বিকেএমইএর প্রায় ২০টিসহ মোট ৬৯০টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল। ৪ নভেম্বর এ সংখ্যা কমে প্রায় ৩৭০-এ নেমে আসে। ৫ নভেম্বর শিল্প পুলিশ সূত্রে প্রায় ১৩০টি কারখানায় উৎপাদন বন্ধ থাকার তথ্য পাওয়া যায়। এরপর ১০ নভেম্বর নতুন করে উৎপাদন বিঘ্নিত হওয়ার প্রবণতা বাড়তে থাকে। ওইদিন ১৪৬টি, ১১ নভেম্বর ১৮২টি ও ১২ নভেম্বর ২০৪টি কারখানায় উৎপাদন বন্ধ বা স্থগিত থাকে। ১৩ নভেম্বর উৎপাদনের বাইরে থাকা কারখানার সংখ্যা ২০০।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান গত ১৪ নভেম্বর জানান, আশুলিয়া, সাভার ও গাজীপুরের কিছু কারখানায় টানা সাত থেকে ১২ দিন ধরে স্বাভাবিক উৎপাদন ব্যাহত হচ্ছিল। শ্রম অসন্তোষের কারণে ১৪৭টি কারখানা পূর্ণাঙ্গ উৎপাদন চালাতে পারছে না, এর বাইরে ৫৫টি কারখানা শ্রম আইন ২০০৬-এর ১৩-এর ১ ধারায় বন্ধ ঘোষণা করা হয়েছে। আর বিজিএমইএর হিসাবে ১৫ নভেম্বর ১৩-এর ১ ধারায় কারখানা বন্ধ ছিল ৫৬টি।

বিরাজমান শ্রমিক অসন্তোষের বিরূপ প্রভাব দীর্ঘমেয়াদি হবে বলে মনে করেন বিজিএমইএর সাবেক সভাপতি ড. রুবানা হক। বণিক বার্তাকে তিনি বলেন, ‘এ ধাক্কা এখানেই শেষ হচ্ছে নয়। আগামী তিন-চার মাসে এর চাপ ব্যাংকগুলো টের পাবে। কারখানা বন্ধ থাকলে পণ্য রফতানি হবে না, অর্থও আসবে না। অথচ এলসি ও ঋণের কিস্তি সময়মতো পরিশোধ করতে হবে। তিন মাসের কিস্তি বকেয়া হলেই ঋণ খেলাপি হয়। ফলে এতদিন যারা ঠিকঠাক কিস্তি দিচ্ছিলেন, তারাও এখন খেলাপির খাতায় উঠে যাওয়ার ভয়ে আছেন। ছোট-মাঝারি কারখানার অবস্থা সবচেয়ে খারাপ।’

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর শেষে দেশের ব্যাংক খাতের খেলাপি ঋণের মোট স্থিতি ছিল ৫ লাখ ৫৭ হাজার ২১৬ কোটি টাকা। এর মধ্যে ১ লাখ ২ হাজার ৯৬৩ কোটি টাকা ছিল বস্ত্র ও তৈরি পোশাক খাতের, যা এ খাতে বিতরণকৃত ঋণের ২৯ দশমিক ৬৪ শতাংশ। ওই সময় দেশের ব্যাংক খাতের গড় খেলাপি ঋণের হার ছিল ৩০ দশমিক ৬ শতাংশ।

ডিসেম্বরের পর দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের হার আরো বেড়েছে। চলতি বছরের জুন শেষে খেলাপি ঋণ স্থিতি বেড়ে ৬ লাখ ৫ হাজার কোটি টাকা ছাড়িয়ে যায়। ব্যাংকগুলোর বিতরণকৃত ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশই এখন খেলাপি। এ সময়ে বস্ত্র ও তৈরি পোশাক খাতের খেলাপি ঋণের স্থিতি ও হার দুটিই বেড়েছে বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে।

দেশের একাধিক ব্যাংকের শীর্ষ নির্বাহী বণিক বার্তাকে জানান, ব্যাংক খাতের গড় খেলাপির হার এক-তৃতীয়াংশ হলেও দেশের অন্তত ১৫টি ব্যাংকের খেলাপির হার খুবই কম। এর মধ্যে শীর্ষস্থানীয় ১০টি ব্যাংকের খেলাপি ঋণের হার ২-৫ শতাংশের মধ্যে। এ ব্যাংকগুলোর বিপুল পরিমাণ ঋণ বস্ত্র ও তৈরি পোশাক খাতে রয়েছে। ভালো উদ্যোক্তা হিসেবে স্বীকৃতদের এসব ঋণও এখন খেলাপির ঝুঁকিতে পড়েছে।

শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ বণিক বার্তাকে বলেন, ‘দেশের মোট রফতানি আয়ের ৮৪ শতাংশই আসে বস্ত্র ও তৈরি পোশাক খাতের হাত ধরে। এ খাতে প্রায় ৪০ লাখ শ্রমিক কর্মরত। বস্ত্র ও তৈরি পোশাক খাত শেষ হয়ে গেলে দেশের অর্থনীতি-ব্যাংক খাত কোনো কিছুই টিকে থাকতে পারবে না।’

মোসলেহ উদ্দীন আহমেদ আরো বলেন, ‘ভবিষ্যতে কারখানা করতে উদ্যোক্তাদের এলাকা নির্দিষ্ট করে দিতে হবে। কুড়িগ্রাম কিংবা গাইবান্ধার শ্রমিক এসে সাভারে কাজ করার দরকার নেই। কারখানাই যদি গাইবান্ধায় চলে যায়, তাহলে ঢাকাসহ আশপাশ এলাকাগুলো পরিবেশবান্ধব ও বসবাস উপযোগী হবে। একই সঙ্গে কথায় কথায় রাস্তা অবরোধ কিংবা কারখানা বন্ধ করে দিয়ে আন্দোলনের প্রবণতাও কমবে।’

উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হলে সব পক্ষই ক্ষতির মুখে পড়বে বলে মনে করেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। বণিক বার্তাকে তিনি বলেন, ‘যেকোনো ধরনের বিঘ্নই অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে। এতে প্রথমে ক্ষতিগ্রস্ত হন বিনিয়োগকারীরা। ঋণ ও ইকুইটি—বিনিয়োগের দুটি অংশ। ইকুইটি ক্ষতিগ্রস্ত হলে ঋণও ঝুঁকিতে পড়ে। এমনিতেই আমাদের খেলাপি ঋণ ৩১ শতাংশ, সামগ্রিকভাবে যা ৩৫ শতাংশ। এ পরিস্থিতিতে তা আরো বাড়বে। খেলাপি ঋণ বাড়লে উদ্যোক্তা ও ব্যাংক উভয়ই ক্ষতিগ্রস্ত হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve − three =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য