আরব লিগের মহাসচিব আহমদ আবুল ঘেইত বলেছেন, আলজেরিয়া, ইরাক ও জর্ডান চায় সিরিয়া আরব লিগে ফেরত আসুক এবং তাদের সদস্যপদ ফেরত পাক। বৃহস্পতিবার এমন সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।
বুধবার আরব লিগের মহাসচিব আহমদ আবুল ঘেইত এ বিষয়ে মিসরের টিভি চ্যানেল আদা আল-বালাদকে বলেন, আরব লিগের কিছু দেশ চায় সিরিয়াকে এ সংস্থায় ফেরত নিয়ে আসা হোক। তবে আরব লিগের মহাসচিব হিসেবে আমি এখনো এমন কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক অনুরোধ পাইনি, যার মাধ্যমে আমি আরব লিগে সিরিয়ার ফেরত আসার প্রক্রিয়াটি শুরু করতে পারি।
তিনি বলেন, আলজেরিয়া চায় সিরিয়া ফেরত আসুক। ইরাকও সিরিয়ার ফেরত আসার বিষয়ে কথা বলছে। এছাড়া জর্ডানও চায় সিরিয়া আরব লিগে ফেরত আসুক। তারা সিরিয়ার সাথে যোগাযোগ করছে এবং রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে। এসব ব্যাপারই সিরিয়ার বিষয়ে তাদের আগ্রহকে প্রকাশ করে।
২০১১ সালের ১২ নভেম্বর তারিখে আরব লিগ থেকে সিরিয়ার সদস্যপদ স্থগিত করা হয় অধিকাংশ আরব লিগ সদস্যের ভোটে। আসদ সরকার সিরিয়ানদের অত্যাচার করছে বলে অভিযোগ আসায় এমন ব্যবস্থা নেয়া হয়।
সূত্র : মিডল ইস্ট মনিটর
