ইসরাইল অধিকৃত পূর্ব জেরুসালেমে আল আকসা মসজিদে ইসরাইলি বাহিনীর হামলায় কমপক্ষে ১৫৮ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। শুক্রবার ভোররাতে ফজরের নামাজের সময় এ হামলা চালানো হয়। এ সময় শত শত মুসল্লি নামাজের জন্য মসজিদে অবস্থান করছিলেন। আলজাজিরা।
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ইসরাইলি পুলিশ মসজিদে ঢুকে নির্বিচারে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ছে। ফিলিস্তিনিদের কয়েকজন পাথর ছুড়ে ইসরাইলিদের বাধা দেয়ার চেষ্টা করছে। অন্যরা টিয়ার শেলের ধোঁয়ার মধ্যে দাঁড়িয়ে ব্যারিকেড সৃষ্টি করছে।
ফিলিস্তিনিদের পক্ষে দাবি করা হয়েছে, সাম্প্রতিক সময়ে এই পবিত্র মসজিদে এটি সবচেয়ে বর্বর ইসরাইলি অভিযান। এ অভিযানে ১৫৮ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। অভিযানের পর আহতদের হাসপাতালে নিতেও বাধা দেয় ইসরাইলি পুলিশ।
ফিলিস্তিন রেড ক্রিসেন্ট ইমারজেন্সি সার্ভিস বলেছে, ইসরাইলি বাহিনী তাদের অ্যাম্বুলেন্স সেখানে যেতে বাধা দেয়। তবে তাদের বাধার মুখেও তারা বেশির ভাগ আহতকে হাসপাতালে নিয়ে যেতে পেরেছে। রেড ক্রিসেন্টের একজন কর্মকর্তা জানান, আহতদের অনেকের অবস্থাই গুরুতর। একজনের চোখের নিচে রাবার বুলেটের ক্ষত দেখা গেছে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট আরো জানিয়েছে, ইসরাইলি বাধায় আহত আরো অনেকে এখনো মসজিদের ভেতর আটকা পড়ে আছেন।
অন্য দিকে ইসরাইলি পুলিশ দাবি করেছে, তারা মসজিদ কম্পাউন্ড থেকে ৩০০ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে। পুলিশের প্রতি পাথর নিক্ষেপের দায়ে তাদের আটক করা হয়েছে। তাদের নিক্ষিপ্ত পাথরে তিনজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের দাবি, গ্রেফতারের সংখ্যা চার শতাধিক।
ইসরাইলের দাবি, মসজিদ কম্পাউন্ডে বিক্ষোভ দমাতে তারা সেখানে অভিযান চালিয়েছে। তবে ঘটনার প্রত্যক্ষদর্শী ফিলিস্তিনি আলোকচিত্রী রামি আল খাতিব বলেন, ইসরাইলি বাহিনী বিনা উসকানিতে মসজিদে ঢুকে জোরপূর্বক মুসল্লিদের সেখান থেকে বের করে দেয়। তারা মসজিদের স্টাফ, সাধারণ মুসল্লি ও রোজাদারদের ওপর নির্মম নির্যাতন চালায়।
