ইউক্রেনের অলভিয়া বন্দরে থাকা ‘এমভি বাংলার সমৃদ্ধি’ নামে বাংলাদেশের একটি জাহাজে মিসাইল হামলা হয়েছে। এতে এক নাবিক নিহত হয়েছেন।
জানা গেছে, নিহত ওই নাবিকের নাম হাদিসুর রহমান। তিনি জাহাজটিতে থার্ড ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।
জাহাজের নাবিকেরা জানিয়েছেন, বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯টার দিকে) জাহাজটিতে মিসাইলের আঘাত লাগে। এতে আগুন ধরে যায়।
বর্তমানে ইউক্রেন বিষয়ে দায়িত্বে থাকা পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসাইন একজন নাবিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ শিপিং করপোরেশন সূত্রে জানা গেছে, এমভি বাংলার সমৃদ্ধি জাহাজটি তুরস্কের ইরেগলি থেকে গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছায়। পরে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরু হলে সে বন্দর ত্যাগ করার সুযোগ পায়নি জাহাজটি। জাহাজটিতে বাংলাদেশের ২৯ জন নাবিক রয়েছেন।
ইউক্রেন হামলার সপ্তম দিনে বাংলাদেশী জাহাজে ওই মিসাইলের আঘাতের ঘটনা ঘটল।
