ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরাইলি বর্বর হামলায় নিহতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে আগেই। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই ১০ হাজার। এছাড়া গাজাজুড়ে সাড়ে ৬ হাজারেরও বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। এবার নিখোঁজ এসব হাজারও মানুষের খোঁজ পেতে এবং একইসাথে উদ্ধার করতে বৈশ্বিক সহায়তা চেয়েছে গাজা কর্তৃপক্ষ।
গাজা উপত্যকায় ইসরাইলি যুদ্ধের ফলে গত ৭ অক্টোবর থেকে নিখোঁজ হওয়া হাজার হাজার ফিলিস্তিনিকে খুঁজে বের করতে এবং উদ্ধার করতে স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন গাজা মিডিয়া অফিসের প্রধান।
ইসমাইল আল-ছাওয়াবতা আনাদোলুকে বলেছেন, ‘সিভিল ডিফেন্স দলগুলো এখনো ধ্বংসস্তূপের নিচ থেকে বহু লাশ উদ্ধার করছে এবং গাজা উপত্যকার দক্ষিণ থেকে উত্তরে যাওয়ার রাস্তাগুলো থেকেও লাশ উদ্ধার হচ্ছে।’
তিনি বলেছেন, গাজায় এখনো সাড়ে ৬ হাজার ফিলিস্তিনি নিখোঁজ রয়েছেন। তারা হয় ধ্বংসস্তূপের নিচে আছেন বা তাদের ভাগ্যে ঠিক কী ঘটেছে তা এখনো অজানা। নিখোঁজ এসব ফিলিস্তিনিদের মধ্যে ৪ হাজার ৭০০ জনেরও বেশি নারী ও শিশু।
তিনি আরো বলেন, ধ্বংসস্তূপের নিচে থাকা লোকদের কাছে পৌঁছানোর জন্য তাদের সরঞ্জাম, যন্ত্রপাতি এবং জ্বালানি দরকার। একইসাথে ধ্বংসস্তূপের নিচ থেকে নিখোঁজ ব্যক্তি বা তাদের লাশ বের করার জন্য ‘প্রয়োজনীয় সরঞ্জাম এবং ধ্বংসাবশেষ অপসারণে বিশেষজ্ঞ দল সরবরাহ করতে’ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বানও জানিয়েছেন আল-ছাওয়াবতা।
সূত্র : আনাদোলু
