গাজা সিটি ও উত্তর গাজায় প্রতিদিন অন্তত ১,৩০০ ট্রাক খাদ্য প্রয়োজন বলে জানিয়েছে গাজা স্ট্রিপের সরকারি তথ্য অফিস। শনিবার (১৩ জানুয়ারি) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, চলমান গাজা যুদ্ধ শুরু হওয়ার আগে গাজার দক্ষিণে রাফাহ সীমান্ত দিয়ে প্রতিদিন গড়ে দুই হাজার ট্রাক উপত্যকায় প্রবেশ করতো। কিন্তু যুদ্ধের কারণে সেটা অনেক হ্রাস পেয়েছে। ফলে ইতোমধ্যে গাজার অন্তত অর্ধেক নাগরিক দুর্ভিক্ষের সম্মুখীন হয়েছে। এতে গাজায় মানবিক সঙ্কট প্রকার আকার ধারণ করেছে। এহেন পরিস্থিতিতে গাজাবাসীকে দুর্ভিক্ষ থেকে বাঁচাতে অন্তত ১,৩০০ ট্রাক খাদ্য প্রয়োজন।
এদিকে, উত্তর গাজায় ইসরাইলের ব্যাপক সামরিক উপস্থিতিও দমাতে পারেনি হামাসকে। তাই প্রতিনিয়তই হামাস সদস্যদের প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে ইসরাইলি সেনাদের।
ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার (আইএসডব্লিউ) ও ক্রিটিকাল থ্রেটস প্রজেক্ট (সিটিপি)-এর সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর গাজায় ইসরাইলের ব্যাপক সামরিক উপস্থিতি সত্ত্বেও এখনো সেখানে নিজেদের শক্তিশালী উপস্থিতির জানান দিয়ে যাচ্ছে হামাস সদস্যরা।
প্রতিবেদনে এক ইসরায়েলি সামরিক কর্মকর্তা সূত্রে দাবি করা হয়েছে, এলাকার বেশিরভাগ স্থানীয় হামাস ব্যাটালিয়ন কমান্ডার নিহত হয়েছে। কিন্তু কয়েক ডজন যোদ্ধা এখনো সক্রিয়। তারাই মূলত গেরিলা হামলা পরিচালনা করে যাচ্ছে।
উল্লেখ্য, ইসরাইল উত্তর গাজার পাশাপাশি দক্ষিণের খান ইউনিসেও ব্যাপক অভিযান চালিয়েছে।
সূত্র : আল জাজিরা
