বিশ্বের সবচেয়ে বড় কাঠামো তৈরির একটি উচ্চাভিলাষী পরিকল্পনা শুরু করেছে সৌদি আরব। যেটি নিওম সিটি নামে পরিচিত। শত শত পৃষ্ঠার গোপন নথি দেখার পর প্রথমবারের মতো এটির পরিকল্পনা প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে) পত্রিকাটি।
কাচের এ কাঠামোটি মিরর লাইন নামে পরিচিত। কাঠামোটি ৪৮৮ মিটার (১৬০০ ফুট) উচ্চতা পর্যন্ত দুটি কাচের প্রতিফলিত ভবনের সমন্বয়ে গঠিত হবে, যা উপকূলীয় অঞ্চল, পর্বত এবং মরুভূমি জুড়ে ১২০ কিলোমিটার (৭৫ মাইল) সমান্তরালভাবে চলবে।
দুটি বিল্ডিং চলাচলের রাস্তার মাধ্যমে সংযুক্ত হবে এবং তাদের নিচে একটি উচ্চগতির ট্রেন চলবে।
কাঠামোটি নির্মাণ করতে পুরো এক ট্রিলিয়ন মার্কিন ডলার খরচ হবে বলে আশা করা হচ্ছে এবং আনুমানিক ৫০ লাখ লোক সেখান বসবাস করতে পারবে। এবং পুরো কাঠামোটি শুরু থেকে শেষ পর্যন্ত ঘুরে আসতে ২০ মিনিটের মতো সময় লাগবে।
পরিকল্পনার এই নথিগুলো ২০২১ সালের এবং এতে প্রায় পুরো নকশাটাই রয়েছে। এই যেমন- উল্লম্বভাবে নির্মিত ভবন, ইয়টের জন্য একটি মেরিন এবং মাটি থেকে ৩০৫ মিটার (১০০০ ফুট) উপরে একটি স্পোর্টস স্টেডিয়াম।
কাঠামোটি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নিওম নামক স্মার্ট সিটি প্রকল্পের কেন্দ্রস্থল হবে, যা তৈরি করতে আরো পাঁচ শ’ বিলিয়ন মার্কিন ডলার খরচ হবে এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস রাজ্যের সমান আকার হবে।
নিওম সৌদি আরবের নিজস্ব তহবিলের মালিকানাধীন এবং এটি সৌদি ভিশন ২০৩০ নামে একটি পরিকল্পনার অংশ। এটি সৌদি আরবের অর্থনীতিকে বৈচিত্র্যময় করতে এবং তেলের উপর নির্ভরতা কমাতে নির্মাণ করা হচ্ছে।
যদিও নিওম নির্মাণের সময়সীমা ২০৩০ সাল বলা হয়েছে। কিন্তু ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টে বলা হয়েছে, ২০২১ সালের জানুয়ারিতে নির্মাণ কাজ শুরু করা মিরর লাইনের একটি প্রাথমিক মূল্যায়ন করলে বলা যায়, এটি পর্যায়ক্রমে নির্মাণ করতে হবে এবং পুরো কাজ শেষ করতে ৫০ বছর সময় লাগতে পারে।
মিরর লাইনের প্রাথমিক নকশাটি করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক মরফোসিস আর্কিটেক্টস। যেটি প্রতিষ্ঠা করেছেন প্রিটজকার আর্কিটেকচার পুরস্কার বিজয়ী থম মেইন। এছাড়াও কমপক্ষে আরো নয়টি অন্যান্য ডিজাইন এবং পরামর্শদাতা এর সাথে জড়িত আছে।
সূত্র : আল-জাজিরা
