সৌদি আরবের রাজকীয় নৌবাহিনীর বহরে যুক্ত হলো আরো একটি যুদ্ধ জাহাজ। মঙ্গলবার স্পেনের সান ফার্নান্দো শহরে জাহাজটি নোঙর করে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ সময় সৌদি ও স্পেন দুই দেশেরই উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরব নিউজ জানায়, ‘এইসএমএস জুবাইলে’র পরে ‘এইসএমএস আল-দিরিইয়াহ অ্যাভানটি-২২০০’ দ্বিতীয় যুদ্ধ জাহাজ। যা মাত্র চার মাসে নামানো হলো। খুব শিগগিরই সারাওয়াত ম্যানুফ্যাকচারিং প্রজেক্ট সৌদি আরবের নৌবহরে আরো তিনটি যুদ্ধ জাহাজ সংযুক্ত করবে।
নোঙরের সময় রাজকীয় সৌদি নৌবাহিনীর কমান্ডার লে. জে. ফাহাদ আল গুফাইলি ‘এইসএমএস আল-দিরিইয়াহ অ্যাভানটি-২২০০’ জাহাজের ওপর সৌদি আরবের পতাকা উত্তোলন করেন এবং আনুষ্ঠানিকভাবে সেটিকে নৌবাহিনীর সেবায় সংযুক্ত করেন।
এ সময় লে. জে. ফাহাদ আল গুফাইলি বলেন, ‘আধুনিক প্রযুক্তি সম্পন্ন এই জাহাজটি সামরিক শক্তির উন্নতিতে সৌদির জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। একইসাথে সারাওয়াত প্রকল্প নিশ্চিত করবে যে রাজকীয় নৌবাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত এবং দেশের সামুদ্রিক নিরাপত্তা বাড়াতে এবং এই অঞ্চলে তার গুরুত্বপূর্ণ কৌশলগত স্বার্থ রক্ষা করতে সক্ষম।’ তিনি এসব উদ্যোগে সহযোগিতা করার জন্য সৌদি সরকারের প্রশংসা করেন।
সূত্র : আরব নিউজ ও খালিজ টকস
