ইরানে নতুন করে সামরিক অভিযান শুরু করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রায় প্রতিদিনই ফোন করে চাপ দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে সামরিক পদক্ষেপের বদলে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংঘাতের অবসান চান ট্রাম্প। এ নিয়ে দুই নেতার সর্বশেষ ফোনালাপে তীব্র বাদানুবাদ হয়, যা একপর্যায়ে ‘তুমুল চিৎকার-চেঁচামেচিতে’ রূপ নেয় বলে খবর প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট ও ব্রিটিশ পত্রিকা ফিন্যান্সিয়াল টাইমস।
আলোচনার বিষয়ে অবগত এক ব্যক্তি ফিন্যান্সিয়াল টাইমসকে বলেন, ‘যুদ্ধ আবার শুরু করার জন্য নেতানিয়াহু তাকে (ট্রাম্প) প্রতিদিন ফোন করছেন।’ তাঁর ভাষ্য, নতুন করে যুদ্ধ শুরুর বিরোধিতাকারী হোয়াইট হাউসের ভেতরে ও বাইরের কর্মকর্তারা নেতানিয়াহুর চাপ সামলানোর চেষ্টা করছেন। আঞ্চলিক নেতারাও ট্রাম্পকে সংঘাত না বাড়িয়ে আলোচনায় মনোযোগ দেওয়ার পরামর্শ দিচ্ছেন।
তবে ইসরায়েলের পরিস্থিতি সম্পর্কে অবগত আরেক ব্যক্তি জানিয়েছেন, নেতানিয়াহু ইরানে সামরিক অভিযান পুনরায় শুরু করতে চান। যদিও এ বিষয়ে ট্রাম্পকে রাজি করাতে বর্তমানে কোনো সমন্বিত উদ্যোগ বা চাপ প্রয়োগ করা হচ্ছে না।
ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ পুনরায় শুরুর বিষয়ে নেতানিয়াহুর অব্যাহত তৎপরতায় উদ্বিগ্ন আরব ও মুসলিম দেশগুলোর নেতারা। সোমবার ট্রাম্পও জানান, উপসাগরীয় অঞ্চলের মিত্ররা ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চায় না।
কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে আলোচনার পর ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, ‘কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েতসহ অন্য দেশগুলো বর্তমান পরিস্থিতি বজায় রাখতেই বেশি আগ্রহী।’
গত মাসে ইসরায়েলের নির্বাচনে কোনো দল সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন নেতানিয়াহু। তিনি ইরানের সরকারকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা পুনরায় শুরুর আহ্বান জানিয়েছেন। অন্যদিকে, প্রায় নয় মাস ধরে চলা যুদ্ধের অবসানে ‘ইতিবাচক অগ্রগতি’ হচ্ছে বলে দাবি করেছেন ট্রাম্প। ইরানে নতুন করে মার্কিন হামলার সম্ভাবনা এখন ‘খুবই কম’ বলেও মন্তব্য করেছেন তিনি।
ওয়াইনেটের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ও নেতানিয়াহুর এক ফোনালাপে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছায় যে দুই নেতার মধ্যে চিৎকার-চেঁচামেচি শুরু হয়। তবে নেতানিয়াহুর দপ্তর ফোনালাপের কথা নিশ্চিত করলেও সেটি উত্তপ্ত বা বিবাদপূর্ণ ছিল বলে অস্বীকার করেছে।
ফক্স নিউজকে দেওয়া বক্তব্যে হোয়াইট হাউসের এক মুখপাত্র বলেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এবং ইরানের অর্থনীতির পতনের কারণে যুক্তরাষ্ট্র এখন অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে। তাঁর ভাষ্য, ইতিহাসের বৃহত্তম নৌ অবরোধ, ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ এবং নতুন অভিযান ‘অপারেশন আয়রন গেট’ পূর্ণমাত্রায় অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্রের স্বার্থে যা সবচেয়ে ভালো হবে, ট্রাম্প সেটিই করবেন। এ বিষয়ে মন্তব্য জানতে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে দ্য ইন্ডিপেনডেন্ট।
এর আগেও দুই নেতার মধ্যে উত্তপ্ত ফোনালাপের খবর প্রকাশিত হয়েছে। চলতি বছরের শুরুর দিকে লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলা নিয়ে এক কথোপকথনে নেতানিয়াহুকে ‘ফাকিং ক্রেজি’ বলে সম্বোধন করেছিলেন ট্রাম্প বলে খবর প্রকাশিত হয়।
জুনে পডকাস্ট উপস্থাপক ও রক্ষণশীল ভাষ্যকার মিরান্ডা ডিভাইনের সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প তা স্বীকার করেন। ডিভাইন তাঁকে জিজ্ঞাসা করেন, তিনি নেতানিয়াহুকে বলেছিলেন কি না, ‘আর ইউ ফাকিং ক্রেজি? হোয়াট আর ইউ ফাকিং ডুইং? আমি তোমাকে জেল থেকে বাঁচতে সাহায্য করেছি।’
জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, বলেছিলাম। তবে আমি বলব না যে আমি রেগে গিয়েছিলাম। লেবাননে তার (নেতানিয়াহু) বারবার লড়াই চালিয়ে যাওয়ায় আমি কিছুটা বিরক্ত হয়েছিলাম। একপর্যায়ে আমি বলেছিলাম, বিবি (নেতানিয়াহু), তোমাকে এসব বন্ধ করতে হবে। তোমাকে থামতে হবে।’
তবে সে সময় দুই নেতার সম্পর্ক এখনো সৌহার্দ্যপূর্ণ বলে দাবি করেছিলেন ট্রাম্প। ইরানের বিরুদ্ধে ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু করতে ইসরায়েল তাঁকে প্রভাবিত করেছিল—এ অভিযোগও বারবার অস্বীকার করেছেন তিনি।
এদিকে সংঘাত মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়তে পারে বলে বুধবার সতর্ক করেছেন ইরানের এক শীর্ষ কর্মকর্তা। বৈরুতভিত্তিক সংবাদমাধ্যম আল মায়াদিনকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ি বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি ভুল করে আমাদের ওপর হামলা চালায়, তাহলে আমরা শুধু আশপাশের সামরিক ঘাঁটিগুলোতে হামলা সীমাবদ্ধ রাখব না।’
তিনি আরও বলেন, ‘ইউরোপের বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের কিছু সামরিক ঘাঁটিও আমাদের লক্ষ্যবস্তু হতে পারে।’
