বিশ্ববরেণ্য ইসলামি চিন্তাবিদ ও ফকিহ মুফতি মুহাম্মদ তাকি উসমানি সাত দিনের সফরে বাংলাদেশে আসছেন। আগামী ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত সফরকালে তিনি দেশের বিভিন্ন মাদরাসা, ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান ও সম্মেলনে অংশ নেবেন।
সফরের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন অনুষ্ঠিত হবে ২৭ নভেম্বর (শুক্রবার) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। সেখানে জুমার আগে বয়ান দেওয়ার পাশাপাশি নামাজে ইমামতি করবেন তিনি।
এ ছাড়া ২২ নভেম্বর ঢাকায় শায়খ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের আন্তর্জাতিক সম্মেলন, ২৩ নভেম্বর জামিয়া আরাবিয়া ফরিদাবাদের দস্তারবন্দি মহাসম্মেলন, ২৪ নভেম্বর চট্টগ্রামের দারুল উলূম হাটহাজারীতে ওলামা সম্মেলন এবং ২৫ নভেম্বর সিলেটে ইসলামি মহাসম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
সফরের শেষ পর্যায়ে ২৬ নভেম্বর বেফাক ও হাইআতুল উলয়ার ওলামা সম্মেলন, ২৭ নভেম্বর কেরানীগঞ্জে ইসলাহি বয়ান এবং ২৮ নভেম্বর জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ীতে দরসে বুখারিতে অংশ নেবেন তিনি।
১৯৪৩ সালে দেওবন্দে জন্মগ্রহণকারী মুফতি তাকি উসমানি আধুনিক ইসলামি অর্থনীতি, ফিকহ ও হাদিসশাস্ত্রে আন্তর্জাতিকভাবে সুপরিচিত। তিনি জামিয়া দারুল উলূম করাচির মুহতামিম ও শাইখুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করছেন।
