মক্কার মসজিদুল হারামে মুসল্লিদের সেবা ও নিরাপত্তা প্রদানে বর্তমানে ১৩ শর বেশি কর্মী নিযুক্ত আছেন বলে জানিয়েছে সৌদি আরবের হজ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। নিরাপত্তাকর্মীরা মুসল্লিদের নিরাপত্তা, জরুরি, ঝুঁকিপূর্ণ অবস্থায় সেবা প্রদান ও ভিড় নিয়ন্ত্রণে কাজ করছেন। একই সঙ্গে তাঁরা মুসল্লিদের প্রয়োজনীয় সেবা ও সহযোগিতা প্রদান করছেন। সম্প্রতি মসজিদুল হারামের নিরাপত্তার কাজে পুরুষ কর্মীদের পাশাপাশি নারী কর্মীও নিযুক্ত করা হয়েছে।
নিরাপত্তাকর্মীরা মসজিদুল হারামের প্রবেশ পথের নিরাপত্তা প্রদান করেন, স্বাস্থ্যবিধি রক্ষা করা, মসজিদের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রশাসনসহ মসজিদুল হারামের সেবা প্রদানকারী সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষার দায়িত্বও পালন করে থাকেন নিরাপত্তাকর্মীরা। ‘দ্য জেনারেল প্রেসিডেন্সি ফর দ্য অ্যাফিয়ার্স অব দ্য টু হলি মস্ক’ মসজিদুল হারামে মুসল্লিদের নিরবচ্ছিন্ন সেবা প্রদান ও কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কর্মীদের নিয়োগ ও প্রশিক্ষণ দিয়ে থাকেন। নিরাপত্তাকর্মীরা আন্তর্জাতিক বিধি মোতাবেক মুসল্লিদের নিরাপত্তা প্রদান করেন, নির্মাণাধীন ও বিচ্ছিন্ন অঞ্চলে তাদের সুরক্ষা নিশ্চিত করেন, মসজিদের লিফট, রাস্তা ও করিডরগুলো ভিড়মুক্ত রাখেন, মুসল্লিদের বিশেষ দর্শনীয় ও প্রার্থনার জায়গাগুলো দেখিয়ে দেন। এ ছাড়া তাঁরা মুসল্লিদের যেকোনো জরুরি সেবা প্রদান করে থাকেন।
সূত্র : আরব নিউজ
