Thursday, November 19, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবররোহিঙ্গা গণহত্যা মামলায় মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের ঐতিহাসিক রায় আজ

রোহিঙ্গা গণহত্যা মামলায় মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের ঐতিহাসিক রায় আজ

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের ওপর চালানো গণহত্যার অভিযোগে করা মামলার রায় আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঘোষণা করতে যাচ্ছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আদালতের এ রায়ের দিকে তাকিয়ে রয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের মানুষ, বিশেষ করে বাংলাদেশে আশ্রয় নেওয়া লাখ লাখ রোহিঙ্গা।

২০১৭ সালের আগস্ট ও সেপ্টেম্বরে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর ব্যাপক হামলা চালায় দেশটির সেনাবাহিনী। এ সময় হত্যা, নির্যাতন, ধর্ষণ ও ঘরবাড়িতে অগ্নিসংযোগের শিকার হয়ে সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। জাতিসংঘের অনুসন্ধানী দল ও বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিবেদনে এসব নৃশংসতার বিস্তারিত উঠে এসেছে।

তবে এসব ঘটনা ১৯৪৮ সালের গণহত্যা সনদের আওতায় গণহত্যা হিসেবে বিবেচিত হবে কি না, সেটিই মামলার মূল প্রশ্ন। বিশেষ করে রোহিঙ্গা জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে এসব অপরাধ সংঘটিত হয়েছিল কি না, তা নির্ধারণ করবেন আদালতের বিচারকেরা।

২০১৯ সালের ১১ নভেম্বর পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি করে। গাম্বিয়ার অভিযোগ, রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত হামলা ও নির্যাতনের মাধ্যমে ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করেছে মিয়ানমার রাষ্ট্র।

আন্তর্জাতিক আইনে মামলাটির বিশেষ গুরুত্ব রয়েছে। কারণ, গণহত্যা সনদের আওতায় কোনো রাষ্ট্র সরাসরি ক্ষতিগ্রস্ত না হলেও সনদ লঙ্ঘনের অভিযোগে অন্য রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করার অধিকার রাখে। শুরুতে গাম্বিয়ার মামলা করার এখতিয়ার নিয়ে আপত্তি জানিয়েছিল মিয়ানমার। তবে ২০২২ সালের ২২ জুলাই আন্তর্জাতিক বিচার আদালত সেই আপত্তি খারিজ করে মামলাটি গ্রহণযোগ্য বলে রায় দেন।

মিয়ানমার বরাবরই গণহত্যা ও জাতিগত নিধনের অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাবেই নিরাপত্তা কার্যক্রম চালানো হয়েছিল। তবে ২০১৮ সালে জাতিসংঘের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর হামলা প্রকৃত নিরাপত্তা হুমকির তুলনায় অনেক বেশি মাত্রার ছিল। ওই প্রতিবেদনে দেশটির শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের তদন্তের সুপারিশ করা হয়।

মামলার শুরুতে মিয়ানমারের পক্ষে আইনি লড়াইয়ে নেতৃত্ব দিয়েছিলেন দেশটির তৎকালীন বেসামরিক সরকারের প্রধান অং সান সু চি। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তিনি ক্ষমতাচ্যুত হওয়ার পর মিয়ানমারের নতুন প্রতিনিধিদল মামলাটি পরিচালনা করছে।

গণহত্যার অভিযোগ প্রমাণ করা আন্তর্জাতিক আইনে বেশ কঠিন। এ ক্ষেত্রে শুধু হত্যাকাণ্ড বা নির্যাতনের প্রমাণ যথেষ্ট নয়। সংশ্লিষ্ট জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে নিশ্চিহ্ন করার সুনির্দিষ্ট উদ্দেশ্য ছিল, সেটিও প্রমাণ করতে হয়।

গাম্বিয়ার আইনজীবীদের দাবি, রোহিঙ্গাদের বিরুদ্ধে দীর্ঘদিনের বৈষম্য, নাগরিকত্বের অধিকার কেড়ে নেওয়া এবং শিক্ষা, স্বাস্থ্যসেবা, জীবিকা ও চলাচলের ওপর বিধিনিষেধ আরোপের বিষয়গুলো গণহত্যার উদ্দেশ্য প্রমাণের গুরুত্বপূর্ণ উপাদান।

আদালত গাম্বিয়ার পক্ষে রায় দিলে তা আন্তর্জাতিক আইনে গুরুত্বপূর্ণ নজির হয়ে উঠবে। তবে আইসিজের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। আদালত রাষ্ট্রের আন্তর্জাতিক আইনগত দায়িত্ব নির্ধারণ করতে পারেন এবং ক্ষতিপূরণসহ প্রয়োজনীয় প্রতিকার দেওয়ার নির্দেশ দিতে পারেন। তবে আদালত নিজে কোনো ফৌজদারি শাস্তি আরোপ করেন না।

রোহিঙ্গা জনগোষ্ঠীর কাছে এ রায়ের গুরুত্ব আরও বেশি। কানাডায় বসবাসরত রোহিঙ্গা অধিকারকর্মী মোহাম্মদ নওকিমের মতে, দীর্ঘদিনের নির্যাতন ও দুর্ভোগের আনুষ্ঠানিক স্বীকৃতির জন্য রোহিঙ্গারা বহু বছর ধরে অপেক্ষা করছেন।

বর্তমানে বাংলাদেশের কক্সবাজারের বিভিন্ন শিবিরে ১০ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছেন। তাঁদের প্রত্যাবাসনের সম্ভাবনাও এখনো অনিশ্চিত। রাখাইন রাজ্যের বড় অংশ বর্তমানে বিদ্রোহী আরাকান আর্মির নিয়ন্ত্রণে। সেখানে চলমান সংঘাত, রোহিঙ্গাদের প্রতি স্থানীয় জনগোষ্ঠীর বিরূপ মনোভাব এবং ধ্বংস হয়ে যাওয়া গ্রামগুলো প্রত্যাবাসনের পথে বড় বাধা হয়ে রয়েছে।

বিশ্লেষকদের মতে, আদালতের রায় রোহিঙ্গাদের ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলেও নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ প্রয়োজন।

সূত্র: আন্তর্জাতিক বিচার আদালত, রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস, আনাদোলু এজেন্সি

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 − 6 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য