গাজীপুরের জয়দেবপুরে একজন মাদরাসা শিক্ষকের ওপর শারীরিক হামলা এবং পরবর্তী ঘটনাপ্রবাহের বিষয়ে সাধারণ আলেম সমাজ গভীর উদ্বেগ প্রকাশ করছে।

শিক্ষার্থীকে শাসন করার অভিযোগ থাকলে তার যথাযথ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে। কিন্তু কোনো অভিযোগের নিষ্পত্তি শারীরিক হামলা, মারধর কিংবা কাউকে জিম্মি করে হতে পারে না। শাসনের অভিযোগে শিক্ষার্থীর অবিভাবক দলবল নিয়ে একজন শিক্ষককে রক্তাক্ত করা একটি গুরুতর মব কালচার। সবার আগে শিক্ষকের যথাযথ চিকিৎসা, নিরাপত্তা ও আইনি সুরক্ষা নিশ্চিত করা জরুরি।
আমরা শিক্ষকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোও আমলে নিচ্ছি। শিক্ষকদের প্রতি সাধারণ আলেম সমাজের স্পষ্ট বার্তা হলো, অন্যের সন্তানকে মানুষ করার দায়িত্ব আপনার একার নয়। আপনি শিক্ষক, অভিভাবক নন।
শিক্ষকের দায়িত্ব শিক্ষা দেওয়া, সঠিক পথ দেখানো এবং মমতা ও প্রজ্ঞার সঙ্গে তার সংশোধনের চেষ্টা করা। জোরজবরদস্তি প্রহার করে ভালো মানুষ বানানোর দায়িত্ব নেয়ার প্রয়োজন নেই। শিক্ষকতার দায়িত্ব পালন করুন, কিন্তু নিজের সামর্থ্য ও দায়িত্বের সীমারেখা অতিক্রম না করাই উচিত।
আমরা স্পষ্টভাবে বলতে চাই, শিক্ষার্থীর নিরাপত্তা যেমন গুরুত্বপূর্ণ, শিক্ষকের নিরাপত্তাও তেমনি গুরুত্বপূর্ণ। শিক্ষাপ্রতিষ্ঠানে শাসনের নামে নির্যাতন যেমন গ্রহণযোগ্য নয়, তেমনি অভিভাবকের হাতে শিক্ষককে মব সৃষ্টি করে রক্তাক্ত করাও কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
আমরা চাই, সবার জন্য ন্যায়বিচার এবং নিরাপদ শিক্ষাঙ্গন।
১৭ নভেম্বর ২০২৬
