রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) একটি রায়ের পর ইসরাইলের শাসকগোষ্ঠীর মধ্যেও ডর ঢুকেছে। রায়টি ইসরাইলের বিরুদ্ধে নয়, মিয়ানমারের বিরুদ্ধে। কিন্তু এর আইনি প্রভাব গাজায় গণহত্যার অভিযোগে ইসরাইলের বিরুদ্ধে চলমান মামলায় পড়তে পারে। এদিকে আদালতের বাইরেও ইসরাইলবিরোধী প্রতিবাদের আওয়াজ ক্রমেই জোরালো হচ্ছে। ইউরোপ থেকে যুক্তরাষ্ট্র—বিভিন্ন দেশের রাজপথে ছড়িয়ে পড়েছে সেই প্রতিবাদ। এমনকি গাজা যুদ্ধ নিয়ে অসন্তোষ মার্কিন নির্বাচনের রাজনীতিতেও প্রভাব ফেলেছে।
১৯ নভেম্বর নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করে রায় দেয়। রায় প্রকাশের পরপরই ইসরাইলের সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টে এর সম্ভাব্য প্রভাব নিয়ে বিশ্লেষণ প্রকাশিত হয়। পত্রিকাটির সাংবাদিক ইয়োনাহ জেরেমি ববের লেখা নিবন্ধের শিরোনাম ছিল—‘আইসিজের মিয়ানমারবিষয়ক রায় গাজায় গণহত্যার অভিযোগ মোকাবিলায় ইসরাইলের প্রতিরক্ষাকে দুর্বল করতে পারে’; অর্থাৎ রায় ঘোষণার দিনই ইসরাইলের সংবাদমাধ্যমে এর সম্ভাব্য পরিণতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।
রোহিঙ্গাদের বিচার, ইসরাইলের উদ্বেগ
এই রায়ের তাৎপর্য শুধু মিয়ানমারের মধ্যে সীমাবদ্ধ নয়। একই আদালতে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলায় গাজায় গণহত্যার অভিযোগের মুখোমুখি ইসরাইল। ২০২৩ সালের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা মামলাটি করে; অভিযোগ, গাজায় সামরিক অভিযান চালিয়ে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা করছে ইসরাইল। ইসরাইল অবশ্য স্বভাবসুলভ ভঙ্গিতে অভিযোগ অস্বীকার করে আসছে।
জেরুজালেম পোস্টের বিশ্লেষক ইয়োনাহ জেরেমি ববের মতে, মিয়ানমারের বিরুদ্ধে রায় ইসরাইলের আইনি লড়াইকে কঠিন করে তুলতে পারে। গণহত্যার প্রমাণ হিসেবে আদালত যেসব বিষয় বিবেচনায় নিয়েছেন, সেগুলো দক্ষিণ আফ্রিকার মামলাতেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
গণহত্যার প্রমাণে নতুন দৃষ্টিভঙ্গি
গণহত্যা বলতে কোনো জনগোষ্ঠীকে পুরোপুরি বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে সংঘটিত অপরাধকে বোঝায়। ১৯৪৮ সালের গণহত্যা সনদে শুধু হত্যা নয়, কোনো জনগোষ্ঠীর সদস্যদের গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি করা, জন্মরোধে ব্যবস্থা নেওয়া এবং তাদের ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে—এমন জীবনযাপনের পরিবেশ চাপিয়ে দেওয়াও অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে।
মিয়ানমারের মামলায় আদালত এসব বিষয় গুরুত্বের সঙ্গে দেখেছে। রোহিঙ্গাদের হত্যা, শারীরিক ও মানসিক নির্যাতন এবং তাদের ওপর চালানো অন্যান্য নিপীড়নের বিষয়গুলো বিবেচনায় এসেছে। ফলে গণহত্যা প্রমাণের জন্য শুধু নিহত মানুষের সংখ্যা নয়, একটি জনগোষ্ঠীর ওপর সামগ্রিক নিপীড়নের চিত্রও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
জেরুজালেম পোস্টের বিশ্লেষণে বলা হয়েছে, মিয়ানমারের প্রায় আট লাখ ১৫ হাজার রোহিঙ্গার মধ্যে ১০ হাজার মানুষকে হত্যা করা হয়েছিল। অর্থাৎ জনগোষ্ঠীটির প্রায় ১ দশমিক ২ শতাংশ মানুষ নিহত হয়েছিলেন। এই হত্যাকাণ্ডের পাশাপাশি অন্যান্য অপরাধের ভিত্তিতেও আদালত গণহত্যার দায় নির্ধারণ করেছেন। অতীতে হলোকাস্টে ৬০ লাখ ইহুদি এবং রুয়ান্ডায় আট লাখের বেশি মানুষ হত্যার মতো ভয়াবহ ঘটনার প্রেক্ষাপটে গণহত্যা নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু মিয়ানমারের রায় দেখিয়ে দিল, গণহত্যা প্রমাণের জন্য কোনো জনগোষ্ঠীর বিপুলসংখ্যক মানুষকে হত্যা করা বাধ্যতামূলক নয়।
গাজার ক্ষেত্রে এ বিষয়টি ইসরাইলের জন্য বড় উদ্বেগের কারণ। সেখানে ইসরাইলি সামরিক অভিযানে বিপুলসংখ্যক ফিলিস্তিনি নিহত হয়েছেন। অসংখ্য বাড়িঘর, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য অবকাঠামো ধ্বংস হয়েছে। অবরোধ ও মানবিক সহায়তা বাধাগ্রস্ত হওয়ার কারণে মানুষের জীবনযাপনও বিপর্যস্ত হয়েছে। এসব বিষয় গণহত্যার অভিযোগের বিচারিক মূল্যায়নে গুরুত্ব পেতে পারে।
উসকানিমূলক বক্তব্যও হতে পারে প্রমাণ
গণহত্যার অভিপ্রায় বা উদ্দেশ্য প্রমাণ করা এ ধরনের মামলার সবচেয়ে কঠিন বিষয়গুলোর একটি। কোনো জনগোষ্ঠীকে ধ্বংস করার উদ্দেশ্য ছিল কি না, তা নির্ধারণে আদালত শুধু সরাসরি নির্দেশ বা লিখিত আদেশের ওপর নির্ভর করে না; সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য, কর্মকাণ্ড এবং সামগ্রিক পরিস্থিতিও বিবেচনায় নেয়।
মিয়ানমারের বিরুদ্ধে মামলায় আদালত রোহিঙ্গাদের প্রতি দীর্ঘদিনের বৈষম্য, বিদ্বেষমূলক বক্তব্য, সামরিক অভিযান এবং ২০১৭ সালের নৃশংসতার ঘটনাগুলো বিবেচনা করেছে। অর্থাৎ একটি জনগোষ্ঠীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা নিপীড়নের পরিবেশও গণহত্যার অভিপ্রায় নির্ধারণে প্রাসঙ্গিক হতে পারে।
ইসরাইলের জন্য সমস্যাটি এখানেই। গাজায় যুদ্ধ শুরুর পর দেশটির একাধিক মন্ত্রী ও দায়িত্বশীল ব্যক্তির বক্তব্য নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনা হয়েছে। ফিলিস্তিনিদের গাজা থেকে সরিয়ে দেওয়ার কথা বলা, তাদের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য এবং ধ্বংসযজ্ঞের পক্ষে বক্তব্য—এসব দক্ষিণ আফ্রিকার মামলায় প্রমাণ হিসেবে তুলে ধরা হতে পারে।
মিয়ানমারের মামলায় আদালত জাতিসংঘের বিভিন্ন প্রতিবেদনকেও গুরুত্ব দিয়েছে। জেরুজালেম পোস্টের বিশ্লেষণে বলা হয়েছে, আদালত মিয়ানমারের বক্তব্যের তুলনায় জাতিসংঘের প্রতিবেদনকে বেশি বিশ্বাসযোগ্য বলে গ্রহণ করেছে। গাজা নিয়ে জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও তদন্তকারীদের প্রতিবেদনও ইসরাইলের বিরুদ্ধে মামলায় গুরুত্ব পেতে পারে। ইসরাইল এসব প্রতিবেদনের অনেকগুলোকে পক্ষপাতদুষ্ট বলে প্রত্যাখ্যান করেছে। কিন্তু আদালতে শুধু অভিযোগ অস্বীকার করলেই চলবে না; প্রমাণের ভিত্তিতে নিজের অবস্থান প্রতিষ্ঠা করতে হবে।
জেরুজালেম পোস্টের বিশ্লেষণে ইসরাইলের পক্ষে যেতে পারে, এমন কিছু যুক্তির কথাও বলা হয়েছে। মিয়ানমারের পরিস্থিতির সঙ্গে গাজার পার্থক্য রয়েছে বলে ইসরাইল দাবি করতে পারে। তবে গাজায় ধ্বংসযজ্ঞের ব্যাপকতা, নিহত ফিলিস্তিনিদের সংখ্যা এবং ইসরাইলি কর্মকর্তাদের বক্তব্যের ব্যাখ্যা দেশটিকে আদালতে দিতে হবে। ফলে রায়টি ইসরাইলের জন্য স্বস্তির চেয়ে উদ্বেগের কারণই বেশি তৈরি করেছে।
আদালতের বাইরেও বাড়ছে চাপ
ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদ এখন আর শুধু মধ্যপ্রাচ্য বা মুসলিম বিশ্বের মধ্যে সীমাবদ্ধ নেই। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ, যুদ্ধ বন্ধের দাবি এবং ইসরাইলকে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানিয়ে মানুষ রাজপথে নামছে।
গত ৮ নভেম্বর নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে ‘রেড লাইন’ নামে এক বিশাল বিক্ষোভ হয়। আয়োজকদের হিসাবে এতে দুই লাখের বেশি মানুষ অংশ নেন। তাদের দাবি ছিল, ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে হবে, বাণিজ্যিক সম্পর্কের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করতে হবে এবং গাজায় সংঘটিত অপরাধের জন্য ইসরাইলকে জবাবদিহিতার মুখোমুখি করতে হবে। বিক্ষোভকারীদের অনেকের পোশাক ছিল লাল; তাদের বক্তব্য—গাজায় হত্যাযজ্ঞের বিরুদ্ধে এবার সরকারগুলোরও একটি সীমারেখা টানা উচিত।
যুক্তরাষ্ট্রেও প্রতিবাদ থেমে নেই। অক্টোবর মাসে ওয়াশিংটন, শিকাগো, লস অ্যাঞ্জেলেসসহ বিভিন্ন শহরে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা ইসরাইলকে সামরিক সহায়তা দেওয়া বন্ধ এবং গাজায় হামলা বন্ধের দাবি জানিয়েছেন। ১৮ নভেম্বর নিউ ইয়র্কে ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের সফর ঘিরেও প্রতিবাদ করেন ফিলিস্তিনপন্থি অধিকারকর্মীরা। গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার মুখে থাকা গ্যালান্টের বিচার দাবি করেন তারা।
ইউরোপে প্রতিবাদের ব্যাপ্তিও উল্লেখযোগ্য। ইউরোপীয় ফিলিস্তিন কাউন্সিলের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত ইউরোপের ৩০টি দেশের ৮১৮টি শহরে ফিলিস্তিনের পক্ষে ৬৮ হাজারের বেশি বিক্ষোভ ও সংহতিমূলক কর্মসূচি নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ৫৩ হাজারের বেশি ছিল সরাসরি রাজপথের কর্মসূচি।
অথচ এসব প্রতিবাদের বিপরীতে পশ্চিমা সরকারগুলোর অবস্থানে বড় ধরনের পরিবর্তন এখনো দেখা যায়নি। এখানেই গণতান্ত্রিক দেশগুলোর সরকার ও সাধারণ মানুষের অবস্থানের মধ্যে বড় বৈপরীত্য।
হিন্দ রাজবের নামেও বিচার দাবি
এই প্রতিবাদের ধারায় নতুন করে আলোচনায় এসেছে হিন্দ রাজব ফাউন্ডেশন। ফাউন্ডেশনটি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের কাছে আবেদন করেছে। গ্যালান্টের দায়িত্ব পালনকালে গাজায় ব্যাপক প্রাণহানি, আবাসিক ভবন ধ্বংস এবং বাস্তুচ্যুতির ঘটনা তুলে ধরে সংগঠনটি তার জবাবদিহিতা দাবি করেছে। ২০২৪ সালের জানুয়ারিতে ইসরাইলি সেনাদের গুলিতে পরিবারের সদস্যদের নিহত হওয়ার পর গাড়িতে আটকে পড়েছিল পাঁচ বছরের হিন্দ। উদ্ধার চেয়ে ফিলিস্তিনি রেড ক্রিসেন্টে তার শেষ ফোনকলের আকুতি পরে বিশ্বজুড়ে মানুষের হৃদয় ছুঁয়েছিল। হিন্দের নাম এখন গাজায় বিচার ও জবাবদিহিতার দাবির প্রতীক হয়ে উঠেছে।
রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক বিচার আদালতের রায় নিঃসন্দেহে বড় অর্জন। তবে ফিলিস্তিনিদের ন্যায়বিচারের পথ এখনো দীর্ঘ। গাজায় নিহত মানুষ, ধ্বংস হয়ে যাওয়া জনপদ এবং বাস্তুচ্যুত পরিবারগুলোর বিচার পাওয়ার অধিকারও সমানভাবে স্বীকৃত হওয়া উচিত। কোনো রাষ্ট্রের সামরিক শক্তি কিংবা রাজনৈতিক প্রভাব তাকে আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে স্থান দিতে পারে না।
লেখক: সিনিয়র সাংবাদিক
