ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ( ডিএসসিসি ) মেয়র হিসেবে শপথ না পড়ানো পর্যন্ত নগর ভবন বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির নেতা ইশরাক হোসেন । তিনি বলেছেন , ‘ নগর ভবন বন্ধ থাকবে , অবস্থান কর্মসূচি চলবে , যত দিন পর্যন্ত শপথ না দেয় সরকার । ’
তবে জন্মনিবন্ধনসহ জরুরি দৈনন্দিন সেবা নিজেদের তত্ত্বাবধানে চালু করা হবে বলে জানিয়েছেন ইশরাক । এর বাইরে অন্য কোনো বিভাগ বা অন্য কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য যারা নগর ভবনে আছেন , তাঁরা অফিস করতে পারবে না বলে জানান তিনি । ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে গতকাল রোববার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে ইশরাক হোসেন এ ঘোষণা দেন । গতকাল বেলা ১১ টা থেকে আবার বিক্ষোভ শুরু করেন ইশরাক সমর্থক এবং ডিএসসিসির কর্মচারীরা । এতে নগর ভবনের সব ধরনের কার্যক্রম , নাগরিক সেবা গতকালও বন্ধ ছিল । জন্মনিবন্ধনসহ জরুরি সেবা করে থেকে চালু হবে — সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সুনির্দিষ্ট কোনো জবাব দেননি ইশরাক । তিনি বলেন , “ আমরা জোন অফিসগুলোতে জরুরি সেবা চালুর জন্য জরুরি বুথ স্থাপন করব শিগগিরই । সে বিষয়ে আলোচনা চলছে । আশা করি , শিগগিরই চালু করতে পারব । চালু হলে জানিয়ে দেওয়া হবে । ‘ সরকারের উদ্দেশে ইশরাক বলেন , ‘ আপনারা দ্রুত উচ্চ আদালত এবং
জনগণের রায় বাস্তবায়ন করার ব্যবস্থা নিন , অথবা আমাদের দলের নেতাদের সঙ্গে বসে এ বিষয়ের সমাধান করুন । ‘ স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কারণে শপথ হচ্ছে না জানিয়ে দ্রুত সমাধানের জন্য প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন তিনি । ইশরাক হোসেন বলেন , “ এটা আমার অধিকার , এই অধিকার নিশ্চিত- না হলে ভবিষ্যতে আপনাদের বৈধতা নিয়ে প্রশ্ন করার সুযোগ আমার থাকবে। ‘ ইশরাকের শপথের দাবিতে ডিএসসিসির নগর ভবনের প্রধান ফটকে তালা দিয়ে ভেতরে অবস্থান নেন তাঁর সমর্থকেরা । বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে শুরু হয় গতকালের কর্মসূচি । ডিএসসিসির কর্মচারীরা গতকালও পালন করছেন কর্মবিরতি । তাঁরা বলেন , মেয়র না আসা পর্যন্ত আমাদের এ কর্মবিরতি চলমান থাকবে । এদিকে নগর ভবনে সেবা নিতে এসে গতকালও ফিরে গেছেন অনেক সেবাপ্রার্থী । যাঁদের অধিকাংশই জন্মসনদ, পারিবারিক সনদ , ট্রেড লাইসেন্সসহ নানা গুরুত্বপূর্ণ কাজে এসেছিলেন ।
