Wednesday, September 9, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরসব মাদরাসায় চালু হবে মিড-ডে মিল

সব মাদরাসায় চালু হবে মিড-ডে মিল

চলতি অর্থবছর থেকেই দেশের সব মাদরাসায় মিড-ডে মিল চালু হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলামের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রীর পক্ষে এ তথ্য জানান শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের এসইডিপি কর্মসূচির আওতায় দেশের সব মাদরাসায় ২০২৬-২৭ অর্থবছর থেকে ২০৩০-৩১ অর্থবছরের মধ্যে মিড-ডে মিল চালু করা হবে। এ কর্মসূচির আওতায় ইবতেদায়ি মাদরাসাও থাকবে। নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আবদুল মুনতাকিমের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, দেশে বর্তমানে এমপিওভুক্ত মাদরাসার সংখ্যা ৮ হাজার ২২৯। এর মধ্যে দাখিল মাদরাসা ৫ হাজার ৭৬৮টি, আলিম ১ হাজার ২৮৪, ফাজিল ৯৯৩ ও কামিল মাদরাসা ১৮৪টি।

সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম খানের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, দেশে বর্তমানে রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১ হাজার ৮৭৩। এসব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারীকরণের কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই।
গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহ উদ্দিনের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে প্রাথমিক স্তরে শিক্ষার্থী ঝরে পড়ার হার ১৬ দশমিক ২৫ শতাংশ। ঝরে পড়া রোধে স্কুল ফিডিং, উপবৃত্তি প্রদানসহ সরকারের বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে।

নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য ওবায়দুল্লাহ সালাফীর প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, দেশের সব কিন্ডারগার্টেন স্কুলকে অনলাইনে আবেদন গ্রহণ ও নিষ্পত্তিপ্রক্রিয়ার মাধ্যমে নিবন্ধনের আওতায় আনার কার্যক্রম চলছে। ২০২৬ সালের জুলাই পর্যন্ত ১ হাজার ৭৮৩টি কিন্ডারগার্টেন নিবন্ধনের আওতায় এসেছে।

রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য নজরুল ইসলামের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিস সহকারী না থাকায় শিক্ষকদের ওপর দাপ্তরিক কাজের চাপ পড়ে। এ কারণে প্রতিটি বিদ্যালয়ে একজন করে অফিস সহকারী নিয়োগের প্রস্তাব রয়েছে। পিইডিপি-৫ অনুমোদিত হলে এ প্রস্তাব বাস্তবায়ন করা হবে। শিক্ষার্থীদের মানসিক, নৈতিক ও সৃজনশীল বিকাশের লক্ষ্যে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত ধর্মীয় শিক্ষা, চারুকলা ও সংগীতচর্চা বাধ্যতামূলকভাবে চালুর পরিকল্পনাও সরকারের রয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।

সংরক্ষিত আসনের সংসদ সদস্য রোকেয়া বেগমের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে জুলাই গণ-অভ্যুত্থানের বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করা হবে। শিক্ষার্থীদের বয়স ও শ্রেণি উপযোগী করে জুলাই গণ-অভ্যুত্থানের কারণ ও ঘটনাপ্রবাহ, গণহত্যা, শহীদদের আত্মত্যাগ, নারীদের ভূমিকা এবং এর ঐতিহাসিক তাৎপর্য পাঠ্যপুস্তকে তুলে ধরা হবে।

এ ছাড়া নবম-দশম শ্রেণির ‘বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা’ পাঠ্যপুস্তকে আওয়ামী লীগ সরকারের শাসনামলের গুম, গণহত্যা, অর্থ পাচার, নির্বাচনব্যবস্থা ধ্বংস, পিলখানা ট্র্যাজেডি, সাংবাদিক হত্যা ও গণমাধ্যমে হস্তক্ষেপের মতো বিষয় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। ২০২৭ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট পাঠ্যপুস্তকে এসব বিষয় পড়ার সুযোগ পাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 + 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য