চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে চারজন নিহত ও দেড় শতাধিক আহত হয়েছে। আহতদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হতাহত ব্যক্তিদের মধ্যে ডিপোর শ্রমিকদের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছেন।
শনিবার (৪ মে) রাত সাড়ে ৯টার দিকে এ আগুন লাগে।
এ ঘটনায় রাত সাড়ে ১২টার দিকে দুজনের মৃত্যু কথা জানান হাসপাতালের সহকারী পরিচালক রাজীব পালিত। এর ঘণ্টাখানেক পরে আরো দুজনের মৃত্যুর খবর দেন মেডিক্যাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম। পরে সংখ্যা বাড়ে বলে জানানো হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ করছে।
ডিপোতে আমদানি ও রফতানির বিভিন্ন মালবাহী কনটেইনার আছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, আগুন লাগার পর বেশ কয়েকটি কনটেইনারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কনটেইনারে রসায়নিক থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিস্ফোরণ ঘটে।
