রাজধানীর আগারগাঁও এলাকা থেকে এ এম হাসান নাসিম নামের এক সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটরকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ডিবির বিরুদ্ধে। শুক্রবার (১৭ এপ্রিল) মাগরিবের নামাজের পরপরই ডিবি পুলিশের একটি দল তার নিজ বাসা থেকে তাকে নিয়ে যায়। ডিবি পুলিশের দাবি, হাসান নাসিম সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও ‘গুজব’ ছড়ানোর সঙ্গে জড়িত।
হাসান নাসিমের ভাই হাসান নোমান জানান, আগারগাঁওয়ের জোড়া বিল্ডিং রোড এলাকায় হাসান নাসিমের বাসায় ডিবি রমনা জোনের এডিসি জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল হঠাৎ তল্লাশি চালায়। কোনো সুনির্দিষ্ট ওয়ারেন্ট বা আইনি কাগজ ছাড়াই তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। সে সময় বাসায় তার তিন বছর বয়সী ছোট কন্যা সন্তান ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আচমকা এ অভিযানে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হাসান নাসিম মূলত বরগুনা জেলার পাথরঘাটা এলাকার বাসিন্দা। তিনি পেশাগতভাবে একজন কনসালটেন্ট হিসেবে কাজ করেন, যেখানে বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের ফরম পূরণসহ বিভিন্ন কারিগরি সহায়তা দিতেন। পাশাপাশি তিনি ‘পাথরঘাটা ডট কম’ নামক একটি ফেসবুক পেজের অ্যাডমিন হিসেবে স্থানীয় সমস্যা ও অসংগতি নিয়ে লেখালেখি করতেন। স্বজনদের ধারণা, এলাকার বিভিন্ন অসংগতি এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সরব হওয়ার কারণেই তাকে আটক করা হয়।
হাসান নাসিমের এই আটকের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নেটিজেনদের বড় একটি অংশ এ ঘটনাকে ‘পুরোনো ফর্মুলায় ভিন্নমত দমনের চেষ্টা’ হিসেবে আখ্যায়িত করছেন। বিশেষ করে গত ২০২৪ সালের ৫ আগস্টের পটপরিবর্তনের পরও কোনো সুনির্দিষ্ট ওয়ারেন্ট ছাড়া বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার সংস্কৃতি বজায় থাকায় অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। নেটিজেনদের কেউ কেউ এটিকে আওয়ামী আমলের ‘পুরোনো কৌশল’ আখ্যা দিয়ে বলছেন, ভিন্নমত দমনে গুজব ছড়ানোর অভিযোগ ব্যবহার করা হচ্ছে।
