যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ তীব্র হওয়া এবং সউদী আরবের জ্বালানি অবকাঠামোয় হামলার পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল আরও কমেছে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামও বেড়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বাজার খোলার পর ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ১ দশমিক ২৪ ডলার বা ১ দশমিক ১৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৬ দশমিক ৯৩ ডলারে ওঠে। বাংলাদেশ সময় সকাল ৬টা ২৬ মিনিটের দিকে এ দাম রেকর্ড করা হয় বলে রয়টার্স জানিয়েছে।
কেপলারের প্রাথমিক তথ্য অনুযায়ী, সোমবার হরমুজ প্রণালি দিয়ে মাত্র চারটি পণ্যবাহী জাহাজ চলাচল করেছে। এর আগের দিন রোববার এ সংখ্যা ছিল ১০টি। স্বাভাবিক সময়ে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক তেল ও পণ্যবাহী জাহাজ চলাচল করে।
হরমুজ স্ট্রেইট মনিটরের তথ্য অনুযায়ী, প্রণালির আশপাশে অন্তত ৪৩৬টি জাহাজ স্থবির অবস্থায় রয়েছে। নিরাপত্তাঝুঁকির কারণে অনেক জাহাজ হরমুজে প্রবেশ না করে অপেক্ষা করছে বা বিকল্প পথের সন্ধান করছে।
রয়টার্স জানিয়েছে, মধ্যপ্রাচ্যে নতুন হামলা ও জ্বালানি স্থাপনায় ক্ষয়ক্ষতির খবরের পর তেলের দাম একপর্যায়ে আরও বাড়ে। যুদ্ধ এবং গুরুত্বপূর্ণ সরবরাহপথের নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা অব্যাহত থাকলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
