ইরাকের মসুল নগরীতে অবস্থিত তুর্কি কনস্যুলেটে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। বুধবার ভোরে এই হামলা হয় বলে নিশ্চিত করেছে স্পুটনিক নিউজ আরবি।
ইরাকের স্থানীয় একটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে স্পুটনিক নিউজ জানায়, বুধবার মধ্যরাতের বেশ কিছুক্ষণ পর উত্তর-পূর্ব মসুলে অবস্থিত তুরস্কের কূটনৈতিক সদর দফতরে কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। তবে এতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
সূত্রটি জানায়, বুধবার ভোরে মসুলের তুর্কি কনস্যুলেটের আশপাশে দু’টি রকেট হামলা হয়। তবে এতে কয়েকটি বেসামরিক যানবাহন ছাড়া উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয়নি।
এ নিয়ে এক সপ্তাহের মধ্যে ইরাকে অবস্থিত তুর্কি স্থাপনাকে লক্ষ্যবস্তু বানিয়ে দ্বিতীয় বার হামলার ঘটনা ঘটলো। গত সোমবার ইরাকের উত্তরাঞ্চলে অবস্থিত তুরস্কের একটি সামরিক ঘাঁটিতে রকেট হামলা হয়।
ইরাকের স্বায়ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলে তুরস্ক ব্যাপক হামলা চালানোর কয়েকদিন পর সোমবার সন্ধ্যায় তুর্কি সামরিক ঘাঁটিতে এ হামলা হয়। ওই হামলাও তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেল তুর্কি কর্তৃপক্ষ।
সারাইয়া আউলিয়া আদ-দাম নামে একটি সংগঠন এ হামলার দায় স্বীকার করে। এজন্য তারা একটি ভিডিও বার্তা প্রকাশ করে।
সংগঠনটি বলেছিল, তারা হামলায় ১২২-এমএম গ্রাদ রকেট ব্যবহার করেছে। সংগঠনটি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, তারা তুরস্কের ভেতরে যুদ্ধ টেনে নিয়ে যাবে।
উল্লেখ্য, এর আগে গত ২০ জুলাই কুর্দিস্তানে তুরস্কের বোমা হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ৮ জন নিহত ও ২০ জন আহত হয়। এ হামলার জেরে তুর্কি ঘাঁটিতে একের পর এক রকেট হামলা হচ্ছে বলে বিশ্লেষকরা বলছেন।
সূত্র : স্পুটনিক নিউজ ও আলজাজিরা
