বাংলাদেশে জনপ্রিয় বিভিন্ন প্যাকেটজাত খাবারে অতিরিক্ত লবণের উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের মতে, চিপস, চানাচুর, ইনস্ট্যান্ট নুডলস, আচার, স্যুপ ও লবণাক্ত বিস্কুটের মতো খাবার নিয়মিত খাওয়ার কারণে দেশে প্রতিবছর প্রায় ২৪ হাজার মানুষের মৃত্যু হচ্ছে।
বিশ্ব লবণ সচেতনতা সপ্তাহ ২০২৬ উপলক্ষে বুধবার আয়োজিত এক সেমিনারে বিশেষজ্ঞরা জানান, বাংলাদেশে একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন গড়ে প্রায় ৯ গ্রাম লবণ গ্রহণ করেন। অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সুপারিশ অনুযায়ী দৈনিক ৫ গ্রামের বেশি লবণ খাওয়া উচিত নয়। অর্থাৎ বেশিরভাগ মানুষ প্রয়োজনের প্রায় দ্বিগুণ লবণ খাচ্ছেন।
বক্তারা বলেন, অতিরিক্ত লবণ শরীরে উচ্চ রক্তচাপ সৃষ্টি করে, যা পরে হৃদরোগ, স্ট্রোক, কিডনি জটিলতা এমনকি পাকস্থলির ক্যানসারের ঝুঁকিও বাড়ায়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের গবেষকদের তথ্য অনুযায়ী, দেশে মোট মৃত্যুর বড় একটি অংশই এখন অসংক্রামক রোগের কারণে ঘটছে। বিশেষজ্ঞদের মতে, ব্যক্তি সচেতনতার পাশাপাশি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ ছাড়া এই স্বাস্থ্যঝুঁকি কমানো সম্ভব নয়।
এছাড়া বিশেষজ্ঞরা ‘লুকায়িত লবণ’ নিয়েও সতর্ক করেন। তাদের ভাষ্য, অনেক খাবার দেখতে মিষ্টি বা সাধারণ মনে হলেও তাতেও উচ্চমাত্রার সোডিয়াম থাকে। ফলে মানুষ বুঝতে না পেরেই প্রতিদিন অতিরিক্ত লবণ গ্রহণ করছে। সেমিনারে খাদ্যপণ্যের মোড়কে স্পষ্ট সতর্কবার্তা যুক্ত করা, প্রক্রিয়াজাত খাবারে লবণের পরিমাণ কমানো এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে জাতীয় পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম জোরদারের আহ্বান জানানো হয়।
