দীর্ঘ প্রতীক্ষিত গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) রেলওয়ে প্রকল্পের বাস্তবায়নে নতুন গতি এসেছে। প্রায় ২ হাজার ১১৭ কিলোমিটার দীর্ঘ এই বিশাল আন্তঃদেশীয় নেটওয়ার্কের মাধ্যমে মধ্যপ্রাচ্যের ছয়টি দেশ—কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ওমান একটি অভিন্ন রেলপথে যুক্ত হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লক্ষ্য, ২০৩০ সালের মধ্যে পুরো নেটওয়ার্কটি চালু করা, যার প্রায় ৫০ শতাংশ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
কুয়েত সিটি থেকে শুরু হয়ে সৌদি আরব, বাহরাইন, কাতার ও আমিরাত হয়ে ওমানের রাজধানী মাসকাট পর্যন্ত বিস্তৃত হবে এই রেলপথ। প্রকল্পটির অগ্রগতি ত্বরান্বিত করতে কুয়েত এরই মধ্যে শাদাদিয়া থেকে সৌদি সীমান্তবর্তী নুয়াইসিব পর্যন্ত ১১১ কিলোমিটার রেলপথের নকশা প্রণয়নে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে। পাশাপাশি, কুয়েত সীমান্ত থেকে আমিরাত সীমান্ত পর্যন্ত নিজস্ব অংশের রেলপথ নির্মাণের কাজ ধাপে ধাপে এগিয়ে নিচ্ছে সৌদি আরব।
এই রেলপথ চালু হলে উপসাগরীয় অঞ্চলে যাত্রীবাহী ট্রেনগুলো ঘণ্টায় ২০০ থেকে ৩০০ কিলোমিটার গতিতে চলাচল করতে পারবে। এর ফলে কুয়েত সিটি থেকে সৌদি রাজধানী রিয়াদ পৌঁছাতে সময় লাগবে দুই ঘণ্টারও কম। বিশেষজ্ঞরা বলছেন, শুধু যাতায়াত নয়, সড়কপথের ওপর নির্ভরশীলতা কমিয়ে দ্রুত ও কম খরচে পণ্য পরিবহনে এই আধুনিক রেল নেটওয়ার্ক যুগান্তকারী ভূমিকা রাখবে।
বাণিজ্য, পর্যটন, শ্রমবাজার ও বিনিয়োগে ইতিবাচক প্রভাব ফেলার পাশাপাশি, সমুদ্রপথে কোনো ধরনের বিঘ্ন বা সংকট তৈরি হলে এটি একটি নির্ভরযোগ্য বিকল্প যোগাযোগব্যবস্থা হিসেবেও কাজ করবে। উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক একীকরণ ও লজিস্টিক সংযোগে এই প্রকল্প একটি ঐতিহাসিক মাইলফলক হতে যাচ্ছে।
