পবিত্র মসজিদুল হারামে আসা শিশু, প্রবীণ ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা যেন সঙ্গীদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লে সহজেই তাদের শনাক্ত ও খুঁজে বের করা যায়, সে লক্ষ্যে ‘সেফটি ব্রেসলেট’ বা নিরাপত্তা ব্রেসলেট সেবা চালু করেছে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ বিষয়ক সাধারণ কর্তৃপক্ষ।
মসজিদুল হারাম এবং এর চত্বরে অবস্থানকালে দর্শনার্থীদের নিরাপত্তা জোরদার করা এবং তাদের সার্বিক কল্যাণ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
আজ রোববার (১৫ নভেম্বর) সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়, অতিথি সেবাকেন্দ্রগুলোর মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে এই সেবা প্রদান করা হচ্ছে। সেবাগ্রহীতাদের হাতে এমন একটি ব্রেসলেট পরিয়ে দেওয়া হয়, যাতে তাদের পরিচয়সংবলিত প্রয়োজনীয় তথ্য থাকে। ফলে কেউ হারিয়ে গেলে মাঠে নিয়োজিত কর্মীরা সহজেই তাকে শনাক্ত করতে এবং প্রয়োজনে তার পরিবারের সাথে যোগাযোগ করতে পারেন।
মসজিদুল হারামে আগত সকল দর্শনার্থীর নিরাপত্তা ও মানবিক সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষের অঙ্গীকারেরই প্রতিফলন এই উদ্যোগ। এর মাধ্যমে পবিত্র মসজিদে একটি নিরাপদ ও সবার জন্য প্রবেশযোগ্য পরিবেশ নিশ্চিত করা হচ্ছে, যা দর্শনার্থীদের সফরকে আরও সহজ করবে এবং তাদের মানসিক প্রশান্তির সাথে ইবাদত করার সুযোগ করে দেবে।
