বাংলাদেশে সবচেয়ে দরিদ্র ১০ শতাংশ পরিবারের আয়ের প্রায় ২০ শতাংশই ব্যয় হয় মূল্যসংযোজন কর (ভ্যাট) পরিশোধে। অথচ সবচেয়ে ধনী ১০ শতাংশ পরিবার তাদের আয়ের মাত্র ২ দশমিক ৮ শতাংশ ভ্যাট দেয়। অর্থাৎ, আয়ের তুলনায় ভ্যাটের বোঝা দরিদ্রদের ওপর অনেক বেশি।
বেসরকারি গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র্যাপিড)-এর নতুন গবেষণায় করব্যবস্থার এই বৈষম্য উঠে এসেছে। শনিবার (২১ নভেম্বর) ঢাকায় এক অনুষ্ঠানে গবেষণার ফলাফল তুলে ধরেন সংস্থাটির চেয়ারম্যান এম এ রাজ্জাক। গবেষণাটি পরিচালনা করেন র্যাপিডের গবেষণা পরিচালক মো. দীন ইসলাম ও সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট তাহসিন রিফাত।
গবেষণায় দেখা গেছে, শহরের তুলনায় গ্রামাঞ্চলের দরিদ্র পরিবারগুলোর ওপর ভ্যাটের চাপ বেশি। গ্রামের দরিদ্র পরিবারগুলোর আয়ের ২৩ শতাংশের বেশি ভ্যাটে চলে যায়, যেখানে শহরের দরিদ্রদের ক্ষেত্রে এই হার ১৬ দশমিক ৫ শতাংশ।
দেশের মোট পারিবারিক আয়ের ৪০ শতাংশের বেশি আসে শীর্ষ ১০ শতাংশ ধনী পরিবারের কাছ থেকে। বিদ্যমান করহার অনুযায়ী, সম্ভাব্য ব্যক্তি আয়করের ৯৩ শতাংশের বেশি এই শ্রেণির কাছ থেকে আদায় হওয়ার কথা। অন্যদিকে, নিম্ন আয়ের ৭০ শতাংশ পরিবারের আয়কর দেওয়ার দায় নেই। তবে বাস্তবে শ্রমশক্তির মাত্র ৩ দশমিক ৫৭ শতাংশ নিয়মিত আয়কর দেন। ই-টিআইএনধারীদের মধ্যে ব্যক্তিগত আয়কর রিটার্ন জমার হার ৪৩ দশমিক ১ শতাংশ এবং প্রতিষ্ঠানের ক্ষেত্রে ২৩ দশমিক ৬ শতাংশ।
র্যাপিডের চেয়ারম্যান এম এ রাজ্জাক বলেন, রাজস্ব আদায়ের পাশাপাশি করব্যবস্থায় ন্যায্যতা, স্বচ্ছতা ও নাগরিক সেবা নিশ্চিত করা জরুরি। সমপরিমাণ আয়ে সমান কর এবং বেশি আয়ে বেশি কর আরোপ করা হলে বৈষম্য কমবে ও রাজস্ব প্রশাসনের প্রতি মানুষের আস্থা বাড়বে।
প্রধান অতিথির বক্তব্যে অর্থসচিব মো. খায়রুজ্জামান মজুমদার জানান, রাজস্ব পুনরুদ্ধারের কার্যকর উপায় খুঁজছে সরকার। চলতি বছর সম্পদ কর চালুর প্রস্তাব বাদ দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, উত্তরাধিকারসূত্রে পাওয়া দামি সম্পদের মালিকদের অনেকেরই কর দেওয়ার মতো নগদ অর্থ নাও থাকতে পারে। তাই নতুন সম্পদ কর আরোপের পরিবর্তে বিদ্যমান সারচার্জ পুনর্বিন্যাসের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।
